বাংলাধারা ডেস্ক »
বিশ্বজুড়ে এখন করোনা আতঙ্ক। এই ভাইরাস থেকে যতো নিরাপদ থাকা যাবে ততো ভালো। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। বারবার হাত ধোয়া, সবকিছু পরিষ্কার রাখতে বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু অনেক সময় সব দিকে গুরুত্ব দিলেও রান্নাঘরের দিকে খুব বেশি গুরুত্ব দেয়া হয়ে ওঠে না।
এই সময় আপনার রান্নাঘরকে কীভাবে জীবাণুমুক্ত রাখবেন, তারই সহজ উপায় জেনে নিন-
সাবান ও পানির ব্যবহার
বর্তমান সময়ে রান্নাঘরকে জীবাণুমুক্ত রাখতে সাবান পানির ব্যবহার সবচেয়ে কার্যকর পদ্ধতির একটি। এজন্য প্রতিদিন রাতে রান্নার পর ও সকালে রান্নার আগে এটি সাবান পানি দিয়ে পরিস্কার করতে হবে।
জীবাণুনাশকের ব্যবহার
সাবান পানি আপনার রান্নাঘর খুব ভালোভাবে পরিস্কার করবে। তবে শতভাগ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ব্যবহার করতে পারেন। এজন্য ব্লিচ বা হাইড্রোজেন পারক্সাইডযুক্ত পণ্যগুলো বেছে নিতে পারেন। এসব পণ্যে ৭০ শতাংশ অ্যালকোহল দ্রবণ থাকে যা আপনার রান্নাঘরকে শতভাগ জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে।
রান্নাঘর শুকনো রাখুন
পরিস্কারের পরপরই রান্নাঘর ব্যবহার করবেন না। পানি দিয়ে পরিস্কারের পর অবশ্যই এটি শুকানোর জন্য সময় দিন। সেসময় না থাকলে একটি শুকনো তোয়ালে ব্যবহার করতে পারেন। তোয়ালেটি জীবাণুমুক্ত কি না সেদিকেও খেয়াল রাখুন।
ডিশওয়াশ ব্যবহার করুন
রান্নাঘরের বাসন ও অন্যান্য জিনিসপত্র ব্যবহারে ডিশওয়াশ ব্যবহার করুন। এটি রান্নাঘরের জিনিসপত্রকে জীবাণুমুক্ত রাখে। অবশ্যই ধোয়ার পর বাসন-কোসন শুকিয়ে রাখুন।
বাংলাধারা/এফএস/এআর












