কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার সদরের ঈদগাঁওর লালশরি পাড়া এলাকার রেল লাইনের একটি সেতুর নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তিনি হত্যার শিকার হয়েছেন।
বুধবার (২৬ মে) সকাল ৮ টার দিকে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
হত্যার শিকার শামসুল আলম (৪৫) কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের পূর্বঘোনা পাড়া গ্রামের ছৈয়দ আকবরের ছেলে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, মৃত শামশুল আলমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি ছিলেন অনেকটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তাঁর সংসারে ৫ ছেলে-মেয়ে রয়েছে বলেও তিনি জানান।
এদিকে, বিগত কয়েক মাসে বিভিন্ন জায়গা থেকে মরদেহ উদ্ধার করেছে। একের পর এক নৃশংস ঘটনায় সর্বমহলে আতঙ্ক বিরাজ করছে। এইসব মরদেহ উদ্ধার ঘটনায় কয়েকটি রহস্য উদঘাটন সম্ভব হলেও বাকিগুলো রহস্য হয়ে রয়েছে। কখন কোথায় কি হচ্ছে; তা নিয়ে মানুষের মাঝে উদ্বেগ ছড়িয়ে আছে। কেউ কেউ অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর মাঠপর্যায়ের সদস্যরা এলাকায় নতুন হওয়ায় সবকিছু চিনে উঠতে পারেনি। আবার অনেকের দায়িত্ব অবহেলার কারণেই একের পর এক এমন ঘটনা ঘটছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, সবখানেই আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে। কিন্তু এরপরও কিছু বিচ্ছিন্ন ও অনাকাঙ্খিত ঘটনা ঘটে যায়। আমরা এরও রহস্য উদঘাটনে কাজ করে যায়।
বাংলাধারা/এফএস/এআর












