দেবাশীষ বড়ুয়া রাজু, বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আলী আহমদ কমিশনার সড়কে পিলার দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। সড়ক রক্ষায় যানবাহন নিয়ন্ত্রণে এ পিলার দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
সোমবার ৩১ মে সরজমিনে দেখা গেছে, বোয়ালখালী পৌর এলাকার পূর্ব গোমদন্ডী আলী আহমদ কমিশনার সড়কের মুখে পিলার দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে যানবাহন। এছাড়া এ সড়কের অপর প্রান্ত পোপাদিয়া ইউনিয়নের বাইঘ্যার টেক এলাকায়ও দেওয়া হয়েছে পিলার। ভারী যানবাহন চলাচলের কারণে যেন সড়কের ক্ষতি না হয় পিলার দিয়ে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ ব্যবস্থার ফলে জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠানের যান চলাচল বাঁধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান এলাকাবাসী।
স্থানীয় ফজলুর কবির বলেন, ‘এই সড়কটি পোপাদিয়া, কধুরখীল ও শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সড়কে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়, বোয়ালখালী স্টেডিয়ামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এ সড়ক দিয়ে দ্রুততার সাথে ফায়ার সার্ভিসের গাড়ি ছুটে যায়। তবে এ প্রতিবন্ধকতার কারণে তা বাধাগ্রস্থ হতে পারে।’
তিনি আরো বলেন, ‘সব ধরনের যানবাহনই এই সড়ক দিয়ে চলাচল করে। কয়েক দিন আগে সড়কের মধ্যে দুটি পিলার দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, যাতে বড় কোনো গাড়ি এই সড়কে ঢুকতে না পারে। সড়ক তো চলাচলের জন্য। সেই চলাচল বন্ধ করে দিলে মানুষের তো কোনো উপকারে আসবে না। বরং সড়কটি ব্যবহারের জন্য মজবুত ও টেকসই করতে হবে।’
ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী বোরহান উদ্দিন মো.এমরান বলেন, ‘ঠিকাদারী প্রতিষ্ঠানকে সড়ক সংস্কারের জন্য সিকিউরিটি মানি জমা দিতে। সংস্কারের পর ১ বছরের মধ্যে সড়ক ক্ষতিগ্রস্থ হলে তা পুনরায় মেরামত করে দিতে হয়। এছাড়া এ সড়ক দিয়ে ওয়াসা প্রকল্পে যাতায়াতকারী ২০ টনের অধিক ভারী যান চলাচল করে। এসব গাড়ি নিয়ন্ত্রণে এ পিলার দেওয়া হয়েছে। তবে ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠানের গাড়ি যাতে চলতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে।’
উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো.ফারুক জানান, সড়ক সংস্কার নীতিমালায় উপজেলার আভ্যন্তরীন সড়কে ১০ টনের অধিক ভারী যানবাহন নিয়ন্ত্রণের নির্দেশনা রয়েছে। আলী আহমদ কমিশনার সড়কে পিলার দিয়ে যানবাহন নিয়ন্ত্রণের বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান উপজেলা প্রকৌশল অধিপ্তরকে জানায়নি।
প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারী মাসের উপজেলা আইন শৃঙ্খলার সভায়, উপজেলার আভ্যন্তরীণ সড়কে স্থাপিত প্রতিবন্ধকতা সৃষ্টিকারী খুঁটি তুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো এবং সভায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রকৌশলী ও বোয়ালখালী থানাকে বলা হয়।
বাংলাধারা/এফএস/এআই












