বাংলাধারা ডেস্ক »
দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ হাজার ৬১৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও এক হাজার ৭১০ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট আট লাখ ৫৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সোমবার(৩১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫০২টি ল্যাবে ১৮ হাজার ১৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৮ হাজার ৮৬২টি। নমুনা শনাক্তের হার ৯ দশমিক ৪১ শতাংশ।
২৪ ঘণ্টায় নতুন ৩৬ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ১১ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন নয় হাজার ১১৩ জন ও নারী তিন হাজার ৫০৬ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন ও ষাটোর্ধ্ব ১৮ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে নয়জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে ছয়জন ও সিলেট বিভাগে একজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ২৮ জন ও বেসরকারিতে ছয়জন এবং বাড়িতে দুইজন মৃত্যুবরণ করেছেন।
বাংলাধারা/এফএস/এআর












