১৩ মার্চ ২০২৬

পূর্বরেলে যুক্ত হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত ১০ ট্রেন ইঞ্জিন

বিশেষ প্রতিবেদক  »

পূর্ব রেলের মিটারগেজ লাইনে এই প্রথম যুক্ত হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত ১০টি ট্রেন ইঞ্জিন। আগস্টে আসছে আরো ১০টি। কোরিয়া থেকে আনা এসব ইঞ্জিনের কেবিন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও ডিজিটালাইজড। কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানী থেকে মোট ২০টি ট্রেন ইঞ্জিন আনার চুক্তি হয়েছে। এরমধ্যে প্রথম ধাপে এসেছে ১০টি।

জানা গেছে, গত ২৪ এপ্রিল এসব ইঞ্জিন কোরিয়া থেকে সমুদ্র পথে চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে গত ৬ জুন বর্হিঃনোঙ্গরে পৌছায়। অবশেষে ১১জুন কাস্টমস ডিউটি পরিশোধ শেষে আনলোড করে পাহাড়তলীস্থ ডিজেল ইলেকট্রিক লোকোমটিভ কারখানায় আনা হয়েছে কমিশনিংসহ স্পীড ও লোড ট্রায়ালের জন্য। উল্লেখ্য, গত বছরের আগস্টে আনা তিন হাজার সিরিজের ১০টি ইঞ্জিনের সঙ্গে শুধু এসব ইঞ্জিনের একটাই পার্থক্য ইঞ্জিনের কেবিন শীতাতপ নিয়ন্ত্রিত এবং এয়ার ব্রেক সিস্টেমের (বাতাস নিয়ন্ত্রিত)।

জানা গেছে, চট্টগ্রাম বন্দরে প্রতিটি ইঞ্জিন আনলোডিং ও ডক চার্জসহ প্রায় ৪০ কোটি টাকা পড়েছে। মোট ২০টি ইঞ্জিনের ক্রয়মূল্য পড়েছে প্রায় ৮শ’ কোটি টাকা। ২২শ’ অশ্বশক্তির এই লোকোমোটিভসগুলোর প্রতিটির ওজন প্রায় ৮৭ হাজার ৬৫০ কেজি বা ৮৮ টন। এসব ইঞ্জিনের এক্সেল লোড ক্ষমতা প্রায় ১৫ টন। টি-এ/৯ মডেলের এসব শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন ইঞ্জিনের সঙ্গে সর্বোচ্চ ৩২টি কোচ সংযুক্ত করা যাবে।

কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানীর চুক্তিপত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাংলাদেশ রেলওয়েতে মিটারগেজ (এমজি) লাইনে ট্রেন চলাচলের জন্য এবার ৮শ কোটি টাকা ব্যয়ে ২০টি ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন(ডিই) ক্রয় করা হয়েছে। ২০১৯ সালের ১৮ মার্চ এসব মিটারগেজ ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন ক্রয়ের জন্য কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল বাংলাদেশ রেলওয়ে। প্রকল্প পরিচালক ও প্রধান যন্ত্র প্রকৌশলী (প্রকল্প) বরাবর শিপমেন্ট চিঠি দিয়ে তিন হাজার সিরিজের ১০টি লোকোমোটিভস ১০ জুনের মধ্যেই চট্টগ্রাম বন্দরে পৌছানোর ব্যবস্থা করা হয়।

এ ব্যাপারে পাহাড়তলীস্থ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ কারখানার কর্ম ব্যবস্থাপক রাজীব দেব নাথ বাংলাধারাকে বলেন, ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত লোকোমটিভস কোরিয়া থেকে এসেছে। এখানে অবস্থানরত হুন্দাই রোটেম কোম্পানীর প্রকৌশলীরা এসব ইঞ্জিনের কমিশনিং শেষ করলেই আমরা লাইট ও লোড ট্রায়ালের ব্যবস্থা করছি।

পাহাড়তলীস্থ ডিজেল লোকোমোটিভস মেরামত কারখানা সূত্রে জানা গেছে, প্রতিটি ইঞ্জিন কমিশনিংয়ে কমপক্ষে ৪/৫ দিন সময় লাগে। গত ১২ জুন প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত একটি ইঞ্জিন পাহাড়তলী ডিজেলসপ থেকে চিনকি আস্তানা স্টেশন পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার লাইট ট্রায়াল দিয়েছে। ক্রমান্বয়ে সবগুলো লাইট ও লোড ট্রায়াল দিবে। রেলের মহাপরিচালকের দফতর সূত্রে জানা গেছে, লাইট ট্রায়ালের পর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এর তত্ত্বাবধানে লোড ট্রায়ালে শতভাগ পরিপূর্ণতা পেলে ইঞ্জিনগুলো আন্তঃনগর ট্রেনের সঙ্গে যুক্ত হবে আগামী ঈদুল আযহার সময়।

কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানির পক্ষ থেকে জানা গেছে, ২০১৯ সালের ১৮ মার্চ মাসে ২০টি ডিজেল ইলেকট্রিক (ডিই) লোকোমোটিভ ক্রয়ের জন্য চুক্তি হয়েছে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে। ৮৭ হাজার ৬৫০ কেজি ওজনের এসব লোকোমোটিভসের ক্ষমতা ২২শ’ অশ্বশক্তি বা হর্স পাওয়ার। বাংলাদেশে এই প্রথম ২২শ হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রিত ডিজেল ইঞ্জিন মিটারগেজ লাইনে চলার জন্য তৈরি করা হয়েছে। এসব ইঞ্জিন লিফটিং এবং প্যাকিং ইনস্ট্রাকশনও কোম্পানির পক্ষ থেকে দেয়া হয়েছে।

কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানীর এসব ইঞ্জিনের অপারেটিং ম্যানুয়াল বা ক্যাটালগ থেকে জানা গেছে, হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে মনিটরে দেখাবে ইঞ্জিনের কোথায় এবং কি ত্রুটি। কেনইবা ইঞ্জিন আকস্মিক থেমে গেল। ডিজিটাল পদ্ধতির এসব ইঞ্জিনের ট্রাকশন মোটরগুলো ডিজিটালাইজড। মিটারগেজ লাইনের এসব ইঞ্জিনের কেবিন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও ডিজিটালাইজড। এসব ইঞ্জিন ব্রেক বাতাসে নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ এয়ার ব্রেক সিস্টেমের।

রেলের পূর্বাঞ্চলীয় এক সিনিয়র সাব এ্যসিসটেন্ট ইঞ্জিনিয়ার বলেছেন, কমিশনিংয়ে আমরা যা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে তা হল- ইঞ্জিনের লুব অয়েলের কনজাম্পশন ঠিক আছে কিনা, র্স্টাটিং সিস্টেম ঠিক আছে কিনা। এছাড়া কমিশনিংয়ে দেখা হচ্ছে ইঞ্জিনের অয়েল ট্যাংকের ধারন ক্ষমতা অনুযায়ী অয়েল রিজার্ভ করা যায় কিনা। ইঞ্জিনের বিভিন্ন পার্ট ডিজিটাল মনিটরে প্রদর্শন করছে কিনা। ইঞ্জিনের ত্রুটি থাকলে তা র্স্টাটিং কোন পয়েন্টে ত্রুটি এবং তা ইঞ্জিন কেবিনের ভেতরে থাকা মনিটরে তা দেখাচ্ছে কিনা। ইঞ্জিন কমিশনিংয়ের সময় এসব বিষয় প্রত্যক্ষভাবে দেখা হচ্ছে।

আরো জানা গেছে, তিন হাজার সিরিজের ২ হাজার ২শ’ হর্স পাওয়ার বিশিষ্ট এসব ইঞ্জিন অটোমেটিক কন্ট্রোল সিস্টেমের। ইঞ্জিনের বিভিন্ন প্যারামিটারগুলো ডিজিটাল মনিটরে দেখা যাবে। এসব ইঞ্জিনে কোন ডেডম্যান প্যাডেল নেই ফলে লোকোমোটিভ মাস্টার(চালক) ইঞ্জিনের কেবিনের ভেতরে ঘুমানোরও কোন সুযোগ নেই। ইঞ্জিনের সামনে স্যান্ডিং সিস্টেম ও ক্যাটেল গার্ডও রয়েছে। যদিও ইঞ্জিনের গতিবেগ ঘন্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত ক্যাপাসিটি কিন্তু পূর্বাঞ্চলীয় রেল ট্র্যাকের ক্ষমতানুযায়ী সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিবেগ সেট করা হয়েছে। এরপরও ৮০/৮৫ কিলোমিটার গতিতে ট্রেন চলতে থাকলে এ্যালার্ম বাজবে। এসময় চালক স্পীড কন্ট্রোল না করলে ট্রেন ইঞ্জিন অটোমেটিক থেমে যাবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ