বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে করোনার সংক্রমণ বাড়লেও গণপরিবহন, পশুর হাটসহ প্রায় সবখানেই স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। এর ফলও মিলছে হাতেনাতে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬৫ জন। এই সময়ে মারা গেছেন ৬ জন। ২ হাজার ৮৩৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্তদের মধ্যে মহানগরে রয়েছে ৫৬৮ জন এবং বিভিন্ন উপজেলায় ১৯৭ জন। এদিন করোনা শনাক্তের হার ছিলো ৩১.৩৭ শতাংশ।
সোমবার (১৯ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায় চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের একটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৪০ জনের নমুনা পরীক্ষা করে ৭৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৫১ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া শেভরন ল্যাবে ২৫১ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জন, মেডিকেল সেন্টার ল্যাবে ৬০ জনের নমুনা পরীক্ষায় ৩২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৭২ জনের নমুনা পরীক্ষায় ১১৭ জন, ইপিক হেলথ কেয়ারে ১২২ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।
এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩ জনের নমুনা পরীক্ষায় কারও দেহে করোনা শনাক্ত হয় নি। চট্টগ্রামে এন্টিজেন টেস্টে ৮৬৪ জনের নমুনা পরীক্ষায় ২৬৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
বাংলাধারা/এফএস/এআর












