২৭ মার্চ ২০২৬

৫৬টি পাসপোর্ট-এনআইডি-খালি চেক এবং নগদ ৫ লাখ টাকাসহ যুবক গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজারে দীর্ঘ দিন ধরে বিভিন্ন পাসপোর্ট, এনআইডি ও নকল সীল তৈরি করে অনৈতিক কাজ করা একটি চক্রকে ধরেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। ঈদগাঁও উপজেলার জাগিরপাড়া এলাকায় চক্রের আস্তানায় অভিযান চালিয়ে ৫৬টি পাসপোর্ট ও তিনটি জাতীয় পরিচয় পত্র, প্রায় ৫ লাখ নগদ টাকা এবং একাধিক সীলমোহর উদ্ধার করেছে অভিযান কারিরা। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে চালানো অভিযানে চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার যুবক মো. আব্দুর রহমান (২৩) ঈদগাঁও উপজেলার জাগিরপাড়া এলাকার মো. ইদ্রিস’র ছেলে। এসময় তার সহযোগি দুই ভাই মো. তৈয়ব তাহের (৩৫) ও মো. শোয়াইব(৩৩) কৌশলে পালিয়ে যায়। র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মো. শেখ সাদী এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদে র‌্যাব-১৫ জানতে পারে- কতিপয় ব্যক্তি ঈদগাঁও উপজেলার জাগিরপাড়া ১নং ওয়ার্ডস্থ তৈয়ব তাহেরের নিজ বাড়িতে অবৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সীলমোহর ব্যবহার করে অনৈতিক কাজ করে আসছে। এ সংবাদে র‌্যাব-১৫ এর একটি চৌকস দল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উক্ত স্থানে অভিযান চালিয়ে আব্দুর রহমানকে আটক করে। এ সময় তার দুই সহযোগি কৌশলে পালিয়ে যায়। পরে ধৃত আসামীর বসত ঘর তল্লাশী করে ৫৬টি ভিন্ন নামের বাংলাদেশী পাসপোর্ট, ৩টি ভিন্ন নামের জাতীয় পরিচয়পত্র, ৩টি সীলমোহর, ৪টি খালি চেক এবং নগদ ৪ লাখ ৯৫ হাজার ৭’শ টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ধৃত আবদুর রহমান স্বীকার করেছে, পলাতক সহযোগীদের সাথে তারা দীর্ঘ দিন ধরে এসব পাসপোর্ট, এনআইডি ও নকল সীলমোহর নিজদের কাছে রেখে বিভিন্ন অনৈতিক কাজ করতো তারা। জব্দ করা মালামালসহ তাকে ঈদগাঁও থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন