কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ার শালবাগান এলাকা থেকে অপহৃত রোহিঙ্গা নেতা সৈয়দ আহমদকে (৪০) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে জাদিমুড়ার পাহাড়ি ছড়া থেকে তাকে উদ্ধার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) তারেকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ সৈয়দ আহমদ টেকনাফ নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের এইচ-ব্লকের সাব মাঝি।

এসপি তারিক জানান, শুক্রবার বিকেল ৪ টার দিকে শালবাগান সি-৭ ব্লকের সামনে একটি সালিশের বৈঠক থেকে সৈয়দ আহমদকে রোহিঙ্গা সন্ত্রাসী পুতিয়া গ্রুপের লোকজন অপহরণ করে।
গুলিবিদ্ধ সৈয়দ আহমদ জানিয়েছেন, সন্ত্রাসী পুতিয়া গ্রুপের প্রধান পুতিয়া, দিলওয়ার ওরফে শিয়াইল্যা, হামিদ, আবুল বশরসহ আরও ৭/৮ জন সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পাহাড়ের দিকে নিয়ে যায়। খবর পেয়ে শালবাগান ও জাদিমুড়া পুলিশ ক্যাম্প যৌথভাবে অভিযান চালালে তাকে গুলে করে পাহাড়ের কিনারে ফেলে চলে যায় সন্ত্রাসীরা। পরে সন্ধ্যা ৭টার দিকে জাদিমুড়া পুলিশ ক্যাম্প বি-১১ ব্লকের পাশে কাটাতার সংলগ্ন পাহাড়ী ছড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এ্যাম্বুলেন্স যোগে কক্সবাজার প্রেরণ করা হয়। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন এসপি তারিক।
বাংলাধারা/এফএস/এআর












