কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়ায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ শাহ আলম (২৭) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে শহরের দক্ষিণ তারাবনিয়ার ছড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহ আলম ঝিলংজা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খরুলিয়া কোনারপাড়া এলাকার প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে তার নেতৃত্বে একটি বিশেষ টিম শহরের দক্ষিণ তারাবানিয়ারছড়ায় অভিযান চালায়। এলাকার মুসফিক এন্টারপ্রাইজ নামের একটি মোটর পার্টসের দোকানের সামনে প্রধান সড়কের দক্ষিণ পাশে ফুটপাতের ওপর থেকে শাহ আলমকে আটক করা হয়। তার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আলম বলেছে, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত এবং টেকনাফে তার শশুর বাড়ি। সেখান থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন জেলায় চালান পাঠিয়ে সরবরাহ দিয়ে আসছেন।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর












