বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সন্দ্বীপে সর্বোচ্চ বৃষ্টিপাত ৯৬ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।
রোববার (০১ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে—বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থায় সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, সুষ্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ অঞ্চল এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
বাংলাধারা/এফএস/এআর












