২৭ মার্চ ২০২৬

চাতরী চৌমুহনী বাজারে ওয়াসার খোঁড়াখুড়ি, গর্তে যানবাহন আটকে জনদুর্ভোগ

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ওয়াসার খোঁড়াখুড়ির কারণে সৃষ্ট গর্তে যানবাহন আটকে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

প্রতিদিন বেশ কয়েকটি যানবাহন আটকে যাচ্ছে এই গর্তে। ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। গর্তেপড়ে বিকল হয়ে নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রপাতি। দীর্ঘ এক মাস ধরে এভাবে চলতে থাকলেও দেখার কেউ নেই। গর্তটি কারা ভরাট করবে ওয়াসা, সওজ নাকি কাফকো কেউ জানে না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চাতরী চৌমুহনী বাজারের গোলচত্বরের পশ্চিম পাশে ওয়াসার পাইপ লাইন সঞ্চালনের জন্য সড়ক কেটে খোঁড়াখুড়ি করা হয়। দুই মাস ধরে চলে পাইপ লাইনের কাজ। কাজ শেষ হলেও খোঁড়াখুড়ি করা অংশ ভরাট বা মেরামত করা হয়নি। ফলে টানা কয়েকদিনের বৃষ্টিতে গর্তে পানি জমে আরো গভীরতা সৃষ্টি হয়। এতে বিভিন্ন ভারী যানবাহন আটকে গিয়ে দুর্ভোগে পড়ছে মানুষ।

ট্রাকচালক রুহুল আমিন বলেন, আমি খাতুনগঞ্জ থেকে মুদির মাল নিয়ে বটতলিতে যাচ্ছি। এখানে গর্তে পড়ে গাড়ী আটকে গেছে।

সিএনজি চালক নুরুল আলম বলেন, গর্তটি এখন অনেক বড় হয়ে গেছে। গাড়ী পড়ে গেলে বিকল হয়ে যাচ্ছে। ভেঙ্গে যাচ্ছে গাড়ীর চাকা।

ট্রাফিক পুলিশের টিআই হাবিব হাসান বলেন, এই গর্তের কারণে প্রতিদিন যানবাহন বিকল হয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। গর্তটি শীঘ্রই মেরামত করা প্রয়োজন।

এ ব্যাপারে ওয়াসার পিডি মাহবুবুল আলমের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন