বাংলাধারা প্রতিবেদন »
রাবেয়া আক্তার নেহা, বয়স ২৩। আট মাসের অন্তঃসত্ত্বা নারী। সোমবার (২ আগস্ট) ভোরে ডবলমুরিং থানা পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।
জানা যায়, রাবেয়া আক্তার নেহা একজন দুর্ধর্ষ চোর। যিনি আট মাসের অন্তঃসত্ত্বাও হয়েও আটবার চুরি করেছেন। তার চুরি করার বিস্তৃতি পুরো চট্টগ্রাম শহর।
আরও জানা যায়, এই পর্যন্ত নেহা শতাধিক চুরির ঘটনা ঘটিয়েছে। কিন্তু খুব কম ধরা পড়ায় এই পর্যন্ত মামলা হয়েছে চারটি।
ডবল মুরিং থানা পুলিশের জিজ্ঞাসাবাদে রাবেয়া জানান, পুরো চট্টগ্রামেই তিনি চুরি করেন। বর্তমানে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। গর্ভবতী হওয়ায় সহজেই কেউ সন্দেহ করে না। আবার ধরা পড়ে গেলেও আলাদা সহানুভূতি কাজ করে। তাই অবস্থায়ও তিনি চুরি থামাননি। অন্তঃসত্ত্বা অবস্থায়ও চুরি করেছেন আটবার। এর ভেতর এলাকাবাসীর কাছে ধরা পড়লেও সহানুভূতি দেখিয়ে তাকে ছেড়ে দিয়েছেন তারা।
পুলিশ আরও জানায়, সোমবার ভোরে মানিক ম্যানশনে একটি বাসা থেকে মোবাইল ও কাপড় চুরি হয়। পরে এলাকাবাসী সিসিটিভি ফুটেজে রাবেয়াকে শনাক্ত করে। ৯৯৯ এ ফোন দেয়। পরে পুলিশ তাকে আটক করে এবং চুরিকৃত মালামাল উদ্ধার করে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘রাবেয়া আক্তার নেতা খুব ভোরে চুরি করে। যখন মানুষ খুব ঘুমে থাকে, কিংবা নামাজ পড়তে যায় কিংবা বেয়াম করতে বের হয়। এমন সময় সুযোগ বুঝে মানুষের ঘরে ঢুকে নগদ টাকা, মোবাইল ও দামি কাপড় চোপড় নিয়ে বের হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘সর্বশেষ চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মার্চ মাসে ডবলমুরিং থানায় আরও একবার গ্রেপ্তার করা হয় তাকে। রাবেয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।’
বাংলাধারা/এফএস/এআই












