সুৃমন পল্লব, হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামে হাটহাজারী উপজেলার ৮নং মেখল ইউনিয়ন পরিষদের ৬ ও ৯নং ওয়ার্ড সংলগ্ন রমেশ মহাজন সড়কটির বেহাল দশার সৃষ্টি হয়েছে। সৃষ্ট একাধিক গর্ত আর কার্পেটিং উঠে খানাখন্দে ভরপুর। এতে সড়কটি দিয়ে চলাচলকারী যানবাহন ও এলাকাবাসীদের প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বুধবার (৪ আগস্ট) সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কটির ৭০ ভাগ অংশেই কার্পেটিং উঠে খোয়া বের হয়ে গেছে। রাস্তায় সৃষ্ট বড় বড় গর্ত আর খানাখন্দের কারণে সড়কটি দিয়ে যানবাহনের পাশাপাশি পায়ে হেটে চলাচল করাও বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। রাস্তায় সৃষ্ট একাধিক গর্তে জমে থাকা পানিতে পায়ে হেঁটে চলাচলকারীদের পরিধেয় কাপড় চোপড় নষ্ট হচ্ছে প্রতিনিয়ত।
ভাঙা ও খাসাখন্দে ভরা সড়ক দিয়ে রিক্সা-ভ্যান, অটো-সিএনজি প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ সড়ক দিয়ে প্রতিদিন ৬-৭ হাজার মানুষ চলাচল করে থাকে।
সড়কটি দিয়ে যাতায়াতকারী ৯নং ওয়ার্ডের বাসিন্দারা জানান, গত ৩-৪ বছর ধরে সংস্কারের অভাবে রাস্তায় সৃষ্ট গর্ত আর কাঁদায় রমেশ মহাজন সড়ক দিয়ে চলাচল করতে প্রতিনিয়ত নানা দুভোর্গ পোহাতে হচ্ছে। এসময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ৯ নং ওয়ার্ডের সড়কটির বেহাল দশা নিয়ে কর্তৃপক্ষকে জানানো হলেও তা তাদের নজরে আসছে না।
এদিকে এ সড়কের বিষয়ে ওয়ার্ড মেম্বার মহসীনে নিকট জানতে চাইলে তিনি ইউনিয়নের চেয়ারম্যান ব্যাতিত কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
সড়কের বেহাল দশা নিয়ে কথা হলে উপজেলা মেখল ৮নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন চৌধুরী জানান, সড়কটি সংস্কারের জন্য উপজেলা সহকারী প্রকৌশলীর সাথে আলোচনা হয়েছিল কিন্তু গত অর্থ বছরে সড়কটি সংস্কারের কথা থাকলেও এখনো হয়নি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের প্রধানের সাথে কথা বলতে চাইলে প্রধানের সহকারী জানান, তিনি জরুরি প্রয়োজনে বাইরে রয়েছেন। পরে মুঠোফোনে জানার চেষ্টা করেও সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।
বাংলাধারা/এফএস/এআই












