বাংলাধারা প্রতিবেদন »
একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজবিজ্ঞানী এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনের ৮১ তম জন্মদিন উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে জন্মদিন উপলক্ষে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন অনুভূতি ব্যক্ত করে বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে অনেক বছর দায়িত্ব পালন করছি। যদিও আমি জন্মদিন পালন করি না, কিন্তু প্রিমিয়ার ইউনিভার্সিটি আমার জন্মদিন পালন করায় আমি আনন্দিত ও প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিবারের কাছে কৃতজ্ঞ।
উল্লেখ্য, তিনি ১৯৬৫ সাল থেকে শিক্ষকতায় নিয়োজিত আছেন। পূর্ব পাকিস্তান প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বর্তমান বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। দীর্ঘদিন ধরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এসময় তিনি বলেন, ‘বস্তুত আমি যে এখনও শিক্ষকতায় নিয়োজিত আছি, এটা আমার জীবনের পরম পাওয়া।’
উল্লেখ্য, প্রফেসর ড. অনুপম সেনের ‘দি স্টেট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড ক্লাশ ফরমেশনস ইন ইন্ডিয়া’ শীর্ষক গ্রন্থটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রকাশনা প্রতিষ্ঠান ‘রাউটলেজ এন্ড কেগানপল’ ১৯৮২ সালে গ্রন্থটি প্রথম প্রকাশ করে। প্রায় সাড়ে তিন দশক পরে রাউটলেজ আবার গ্রন্থটি প্রকাশ করেছে ২০১৭ সালে, ‘রাউটলেজ লাইব্রেরি এডিশন’ হিসেবে। খুব মূল্যবান গ্রন্থকেই সাধারণত ‘লাইব্রেরি এডিশন’ হিসেবে প্রকাশ করা হয়। ‘রাউটলেজ লাইব্রেরি এডিশন: ব্রিটিশ ইন ইন্ডিয়া’ শিরোনামের এই এডিশনের ২৩ তম খণ্ড হিসেবে গ্রন্থটি প্রকাশিত হয়েছে। এই গ্রন্থটি ছাড়াও প্রফেসর ড. অনুপম সেন বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর এ কে এম তফজল হক, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মোহাম্মদ ইব্রাহিম, গণিত বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনির, বিশ্ববিদ্যালয়ের প্রধান লাইব্রেরিয়ান কবি ও প্রাবন্ধিক আলী প্রয়াস ও প্রধান গণসংযোগ কর্মকর্তা শামসুল আরেফিন প্রমুখ।
শেষে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন জন্মদিনের কেক কাটেন।
বাংলাধারা/এআই












