২৭ মার্চ ২০২৬

পতেঙ্গায় বিদেশি জাহাজের চোরাই তেলসহ তিনজন আটক

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার দক্ষিণ পাড়া এলাকায় চট্টগ্রাম বন্দরে আসা বিদেশি জাহাজ থেকে চুরি করা ডিজেল ও অকটেন চোরা কারবারির ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গ্রেফতারকৃতরা হলেন- মো. আলমগীর (৫২), মো. আলমগীর (৪০) ও মো. ইমতিয়াজ (১৯)।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ সিপিসি-৩ এর স্কোয়াড কমান্ডার মো. রকিবুল হাসান।

মো. রকিবুল হাসান জানান, পতেঙ্গা থানার দক্ষিণ পাড়া এলাকায় চোরাইকৃত ডিজেল অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে মজুদ করছিল কতিপয় চোরাকারবারি চক্র । র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দখলে থাকা টিনের ড্রাম থেকে ১ হাজার ৬৫০ লিটার ডিজেল ও ২৫০ লিটার অকটেন উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিদেশ থেকে আগত জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে ডিজেল ও অকটেন সংগ্রহ করে ক্রয়-বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোরাই ডিজেলের আনুমানিক মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন