জেলা প্রতিনিধি, কক্সবাজার »
কক্সবাজারে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ কথিত এক সাংবাদিক গ্রেফতার হয়েছেন। এসময় তার কাছ থেকে এক হাজার ৫৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।
শনিবার (৭ আগস্ট) বেলা ২টার দিকে শহরের রুমালিয়ার ছড়াস্থ মোস্তফা কন্ট্রাক্টরের ভাড়া বাসায় (পুরাতন আয়কর ভবন) ৩য় তলার একটি কক্ষ হতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন জেলা ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে আতিকুর রহমান (১৯) এবং শহরের সাহিত্যিকাপল্লী এলাকার আব্দুর রশিদের ছেলে ইব্রাহিম খলিল (৩২)। জিজ্ঞাসাবাদে ইব্রাহিম খলিল নিজেকে বাংলাদেশ সংবাদ প্রতিদিনের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। সংশ্লিষ্ট পত্রিকার একটি আইডি কার্ডও প্রদর্শন করেন তিনি। তিনি স্বেচ্ছাসেবকলীগের ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, মাদক বেচাকেনার গোপন সংবাদ পেয়ে পৌরসভার ৬নং ওয়ার্ডের রুমালিয়ার ছড়া এলাকার মোস্তফা কন্ট্রাক্টরের ভাড়া বাসার পুরাতন আয়কর ভবনের গোল্ডেন লাইফ ইন্সুইরেন্সের ভবনের তৃতীয় তলার একটি কক্ষে অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে এক হাজার ৫৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সহযোগীদের সনাক্তে কাজ করবে ডিবি।
এ ব্যাপারে মামলার পর তাদের সদর থানায় হস্তান্তর করা হচ্ছে।
বাংলাধারা/এফএস/এআই












