জেলা প্রতিনিধি, কক্সবাজার »
কক্সবাজারের মহেশখালীর পাহাড়ি এলাকায় ফের অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এসময় মাহমুদুল করিম (৩০) নামে এক অস্ত্র কারিগরকেও আটক করা হয়। কারখানা থেকে ৫টি নতুন তৈরি অস্ত্র ও তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার হোয়ানক ইউনিয়নের জামালপাড়া এলাকার পাহাড়ি এলাকায় এ অস্ত্র কারখানা থেকে কারিগরকে আটক করা হয়।
আটক মাহমুদুল করিম মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের জামালপাড়া এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বুধবার দুপুরে উপজেলার হোয়ানক ইউনিয়নের জামালপাড়া এলাকার পাহাড়ি গহীন পাড়ি এলাকায় অস্ত্র তৈরি করা হচ্ছে এমন খবরে অভিযানে যায় পুলিশ। এসময় পাহাড়ের ঝুপড়ি থেকে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়ে। আটক মাহমুদুল করিমের বাড়িতে রাখা নতুন ৫টি অস্ত্রও পায় পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার ( মহেশখালী-কুতুবদিয়া সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, ৫টি অস্ত্র ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মূলত আটক অস্ত্র কারিগর পাহাড়ে অস্ত্র তৈরির পর পাশ্ববর্তী তার বসতঘরে মজুদ করতো। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাধারা/এফএস/এআই












