বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর ফ্লাইওভারগুলোতে এবং আশেপাশে রাতে বেলায় ওঁৎ পেতে থাকা ৫ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ আগস্ট) এমন চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন: মো. মোশারফ (২০), মো. মোমিন (২০), মো. শাহরিয়ার নাঈম প্রকাশ সম্রাট (২০), মো. রুবেল (২১) ও মো. রাকিব (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
তিনি বাংলাধারাকে জানান, গত ৭ আগস্ট রাত ৯টার সময় জাহিদ (৩৫) নামের এক যুবক বাইসাইকেল যোগে হামজারবাগ হতে বাসায় ফেরার পথে নুর নগর হাউজিং সংলগ্ন রাহাত্তারপুল ফ্লাইওভারের মুখে ছিনতাইয়ের শিকার হন। এসময় অজ্ঞাতনামা ৪ ব্যক্তি তাকে মারধর করে ধারালো ছোরায় আহত করে সাথে থাকা মোবাইল ও বাইসাইকেলটি ছিনিয়ে নেয়। পরে তিনি বিষয়টি চান্দগাঁও থানা পুলিশকে জানালে, বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে ছিনতাইকৃত বাইসাইকেল ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই












