বান্দরবান প্রতিনিধি »
পার্বত্য বান্দরবান শহরের সাংগ্রাই ঝিরি পার হওয়ার সময় পানির স্রোতে ভেসে যাওয়া মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিম। তবে এখনও পর্যন্ত ছেলেকে খুঁজে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঝিরির মাথা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জুমের জমি থেকে বাড়ি ফেরার পথে ঝিরির পানির স্রোতে ভেসে নিখোঁজ হন তারা।
নিখোঁজরা হলেন- সাংগ্রাই ত্রিপুরা পাড়ার মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী কৃষ্ণতী ত্রিপুরা (৪৫), তার মেয়ে বাজেরুম ত্রিপুরা (১২)। তবে এখনও কৃষ্ণতী ত্রিপুরার ছেলে প্রদীপ ত্রিপুরা নিখোঁজ রয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার বিকাল থেকে বান্দরবানে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে সাংগ্রাই ঝিরির পানির স্রোত বেড়ে যায়। সন্ধ্যায় মা, দুই মেয়ে ও এক ছেলে ঝিরি পার হচ্ছিল। এ সময় স্রোতে ভেসে যায় মা, এক মেয়ে ও এক ছেলে। আরেক মেয়ে পাড়ায় এসে সবাইকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে নামেন।
মিলনছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, সকালে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়। তবে ছেলেকে এখনও উদ্ধার করা যায়নি। উদ্ধারকাজ চলছে।
বাংলাধারা/এআই










