বাংলাধারা প্রতিবেদন»
করোনা সংক্রমণের হার কমে আসায় আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলতে পারে। শিক্ষার্থীদের এক ডোজ করে করোনা প্রতিরোধী টিকা নিশ্চিত সাপেক্ষে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সিন্ডিকেটের ৫৩৪তম (এক্সট্রা অর্ডিনারি) সভায় ক্যাম্পাস খোলা নিয়ে প্রাথমিক আলোচনা হয়।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান বলেন, শিক্ষার্থীদের করোনা প্রতিরোধী এক ডোজ টিকা নেয়া সাপেক্ষে ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।
জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ২৭ হাজারের মতো। কারা টিকা দিয়েছেন, কয় ডোজ দিয়েছেন, সে তথ্য এখন সংগ্রহ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আইসিটি সেল সূত্র বলছে, ২৪ হাজার শিক্ষার্থী টিকার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে নিবন্ধন করেছেন। ইতিমধ্যে ১৩ হাজার ৫২০ শিক্ষার্থী টিকাসংক্রান্ত তথ্য দিয়েছেন। তাদের মধ্যে দুই ডোজ নিয়েছেন ৪ হাজার ২৩১ জন। এক ডোজ নিয়েছেন ২ হাজার ৩৭৯ জন। নিবন্ধন করে টিকার জন্য অপেক্ষা করছেন ৪ হাজার ৫২৯ জন। আর জাতীয় পরিচয়পত্র না থাকা ও জাতীয় পরিচয়পত্রে ভুল থাকায় নিবন্ধন করতে পারেননি ২ হাজার ৩৭৯ জন। বাকি শিক্ষার্থীরা এখনো টিকাসংক্রান্ত তথ্য দেননি।
সিন্ডিকেট সদস্য অধ্যাপক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী বলেন, ৪৮ হাজার ডোজ করোনার টিকা পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে, এসব টিকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাবে। যারা টিকা পাননি, তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রেই এসব টিকা দেয়া হবে।
বাংলাধারা/এফএস/এফএস












