বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকা থেকে আনুমানিক ০৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৭।
গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ এলাকায় ১৬ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে র্যাব-৭ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে দুজনকে আটক করে।
আটককৃতরা হলেন কক্সবাজার সদরের কোনার পাড়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে মোঃ মনু মিয়া (২৩) এবং টেকনাফের নিলা বাজার এলাকার মুনছুর আলমের স্ত্রী মোছাঃ কমলা বেগম (২৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে থাকা ২ টি ব্যাগের ভিতর হতে ২১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ০৩ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রমসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস












