বাংলাধারা প্রতিবেদন»
নিবন্ধন পেল বন্দরনগরী চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাধারা ডটকম’। সরকারি তিনটি গোয়েন্দা সংস্থার যাচাই-বাছাই শেষে ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ থেকে উপসচিব মুহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রে এই নিবন্ধনপত্র ইস্যু করা হয়।
বাংলাধারা ডটকমসহ একই সাথে মোট ২৩টি নিউজ পোর্টাল ও ৬২টি পত্রিকার অনলাইন সংস্করণকে প্রাথমিক নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাধারা ডটকম দেশপ্রেম ও স্বাধীন মুক্তবাক্যের মূল্যবোধে বিশ্বাসী। মুক্তিযুদ্ধের চেতনায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবসময় অবিচল ছিল পোর্টালটি। এটি চট্টগ্রাম থেকে পরিচালিত অন্যতম একটি জনপ্রিয় নিউজ পোর্টাল। শুরু থেকেই বাংলাধারা ডটকম প্রকাশক আব্দুস সবুর লিটন, সম্পাদক ফেরদৌস শিপন এবং ব্যবস্থাপনা সম্পাদক মেজবা উদ্দিন হায়দারের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনায় নিউজ পোর্টালটি অত্যন্ত সাফল্যের সাথে অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করে। তাদের নিয়মিত তদারকিতে প্রতিনিয়তই এর পাঠক সংখ্যা বেড়েই চলেছে।
নিবন্ধন পাওয়ায় বাংলাধারা ডটকম প্রকাশক আব্দুস সবুর লিটন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
তিনি বলেন, এটি বাংলাধারা ডটকমের সম্পাদকসহ প্রধান কার্যালয়ে কর্মরত সকল সংবাদকর্মী, কর্মকর্তা-কর্মচারি, জেলা উপজেলার সকল সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলের দীর্ঘদিনের একনিষ্ঠ শ্রমের ফসল। এটি বাংলাধারার অনলাইন সংশ্লিষ্ট সকলের সর্বোচ্চ পেশাদারীত্বের স্বীকৃতি। আমি মনে করি, বাংলাধারার অনলাইন নিউজ পোর্টালের সাথে যারা সংশ্লিষ্ট তারা পূর্বের মতোই তাদের সর্বোচ্চ পেশাদারীত্ব বজায় রাখবে। এ স্বীকৃতির ফলে বাংলাধারা ডটকম-এর সুনাম ধরে রাখতে তাদের আরো দায়িত্বশীল হতে হবে।
বাংলাধারা সম্পাদক ফেরদৌস শিপন এক প্রতিক্রিয়ায় নিবন্ধন কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, ‘অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের ক্ষেত্রে সরকারী সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা বন্ধ করতে পোর্টালগুলোকে নিবন্ধনের আওতায় নিয়ে আসা জরুরি ছিল। এই নিবন্ধন প্রক্রিয়ার মধ্য দিয়ে অনলাইন মিডিয়া কমিউনিটিতে এতদিন যে বিশৃঙ্খলা চলছিল সেখানে একটা শৃংখলা চলে আসবে বলে আমি মনে করি।’
বাংলাধারা/এফএস/এফএস












