পটিয়া প্রতিনিধি»
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের মুন্সির বাড়ি এলাকার মুহাম্মদ লেয়াকত আলীর পুত্র মুহাম্মদ রফিকুল ইসলাম(৩৬) নামের এক যুবক স্ত্রী সন্তানকে তাড়িয়ে দিয়ে নতুন বিয়ের প্রস্তুতিতে আক্বদ সম্পন্ন করেছে বলে অভিযোগ উঠেছে ।
শুক্রবার (১ অক্টোবর) সকালে এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী শাহিনুর আক্তার বাদী হয়ে ৩জন কে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, স্বামী হাইদগাঁও ইউনিয়নের রমজান মুন্সির বাড়ি এলাকার মুহাম্মদ লেয়াকত আলীর পুত্র মুহাম্মদ রফিকুল ইসলাম(৩৬), শাশুরী আরেফা বেগম(৫৭) ও ননদ শাহানা আকতার(৩৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালে হাইদগাঁও ইউনিয়নের রমজান মুন্সির বাড়ি এলাকার মো. লিয়াকত আলীর পুত্র রফিকুল ইসলামের সাথে পটিয়া পৌরসদরের পাইকপাড়া এলাকার মো. আবদুল ছবুরের কন্যা শাহিনুর আক্তার এর সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ হয়। বিয়ের পর থেকে শাহিনুর আক্তারকে বিভিন্ন সময় যৌতুকের জন্য অত্যাচার ও নির্যাতন করে আসছিল তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন। এ বিষয়ে শাহিনুর আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
ভুক্তভোগী শাহিনুর আক্তার জানান, বিয়ের পর থেকে আমাকে প্রতিদিন শারীরিক মানসিক নির্যাতন করে আসছিল। আমার ভরণপোষণ না দিয়ে আমার স্বামী মারধর করে আমাকে ও আমার মেয়েকে ঘর থেকে বের করে দেয়। এদিকে আমাকে না জানিয়ে আরেকটি মেয়েকে বিবাহ করার জন্য আক্বদ সম্পন্ন করেছে ও আগামী ৩ তারিখ বিবাহের দিন ঠিক করে।
এ বিষয়ে জানতে স্বামী রফিকুল ইসলামের কাছে জানতে মোবাইল ফোনে কল করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
পটিয়া থানার তদন্তকারী এসআই সাখাওয়াত হোসেন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
বাংলাধারা/এফএস/এফএস












