জেলা প্রতিনিধি, কক্সবাজার»
রোহিঙ্গাদের নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে গ্রেফতার দুই সন্দেহভাজন আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় এ আবেদন করা হয়।
রিমান্ড আবেদন করা দুই আসামী হলেন মো. সেলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম (৩৩) এবং শওকত উল্লাহ্ (২৩)। এ দুজনই রোহিঙ্গা।
পুলিশ জানায়, রিমান্ড আবেদন শেষে শনিবার সন্ধ্যায় মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে উখিয়া থানায় দায়েরকৃত মামলা নম্বর-১২৬ তে চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আগামীকাল রবিবার (৩ অক্টোবর) আদালতে এ রিমান্ড আবেদনের শুনানি হবে।
কক্সবাজার কোর্ট পুলিশের পরিদর্শক চন্দন কুমার সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতে পুলিশ গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করেছে, রবিবার শুনানি হবে।
আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শনিবার সকালে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট থেকে জিয়াউর রহমান ও আব্দুস সালাম নামে দুই রোহিঙ্গাকে আটক করে এপিবিএন-১৪। এর আগে গতকাল শুক্রবার (১ অক্টোবর) সকালে রোহিঙ্গা ক্যাম্প-৬ থেকে সলিম নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়। তবে শওকত উল্লাহ্কে কখন গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।
প্রসঙ্গত, গত বুধবার ২৯ সেপ্টেম্বর রাত পৌনে ৯ টার দিকে উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট-ওয়েস্ট ১ নম্বর ব্লকের বাড়ির সামনে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামী করে উখিয়া থানায় মামলা দায়ের করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ
বাংলাধারা/এফএস/এফএস












