আনোয়ারা প্রতিনিধি»
আনোয়ারায় আবদুল্লাহ আল মাসুম (১৮) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলা সদরের পাশে ইছামতী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাসুম পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামের মোঃ ইউছুফের ছেলে। সে আনোয়ারা সরকারি কলেজের এইসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারি পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল)হুমায়ুন কবিরসহ পুলিশের উর্ধ্বতন কর্মকতারা।
স্বজনরা দাবী করছেন মাসুমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে। সকালে মাসুমের স্বজনরা হত্যায় জড়িতদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেন।
নিহতের পিতা মোঃ ইউছুফ বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর থেকে চাতরী পূর্ব সিংহরা গ্রামের সাবেক ইউপি সদস্য সাগর দত্তের ছেলে দীপু দত্তের সাথে মাসুম সদরের একটি দোকানে রশি কিনে তারা মোটরসাইকেল করে ইছামতি এলাকার দিকে যান। রাত ২টার দিকে ইছামতি এলাকায় পুলিশ গিয়ে মাসুমের লাশ উদ্ধার করে। আমার ছেলের গলায় এবং কোমরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও বলেন, আমি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করব। জড়িদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাধারা/এফএস/এফএস












