বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও আরেকজনের ও মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।
রোববার (৩ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জাবেদ ইকবাল। রায়ের সময় আদালতে উপস্থিত ছিল জাবেদ ইকবাল তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান এখনও পলাতক রয়েছেন।
চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনোরঞ্জন দাশ বলেন, আদালতে বোমা হামলা মামলায় বোমা মিজানের মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। আরেক আসামি জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০০৫ সালের ২৯ নভেম্বর আদালতের পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জামা’তুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। এতে পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও বিচারপ্রার্থী ফুটবলার শাহাবুদ্দীন আহমদ নিহত হন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, সামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ মোট ১০ জন। হামলার ঘটনায় কোতোয়ালী থানায় ও চট্টগ্রাম সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।
মামলায় গত ২১ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালতে আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের শুনানি শেষে রোববার (৩ অক্টোবর) রায়ের দিন নির্ধারণ করা হয়।
বাংলাধারা/এফএস/এফএস












