মিরসরাই প্রতিনিধি»
মিররসরাইের জোরারগঞ্জে একই পরিবারের ৩ জনকে জবাই করে হত্যা করা হয়েছে। অক্টোবর বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের মোস্তফা সওদাগরের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন ৬০ বছরের মোস্তফা সৌদাগর, তার স্ত্রী ৫০ বছরের জোসনারা বেগম এবং ২৪ বছর বয়সী ছেলে হোসেন আহম্মেদ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তিনজনকেই কুপিয়ে হত্যা করা হয়েছে।
ওসি বলেন, ‘আমরা ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহগুলো ঘটনাস্থলেই রয়েছে (সকাল ৯টা পর্যন্ত)। আমরা ঘটনায় জড়িত সন্দেহে মোস্তফা সৌদাগরের আরেক ছেলে সাদ্দামকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছি।
ওসি আরও বলেন, সাদ্দাম নিহত দম্পতির বড় ছেলে। মরদেহ উদ্ধারের সময় বাড়িতেই ছিলেন তিনি ও তার স্ত্রী আইনুন নাহার। সাদ্দাম ও তার স্ত্রী আইনুন আমাদের জানিয়েছেন যে ভোরে তিনজন লোক বাড়িতে ঢোকে। এর মধ্যে দুজন লোক তাদের দুজনকে জিম্মি করে ঘুমিয়ে থাকা বাবা-মা-ভাইকে কুপিয়ে পালিয়ে যায়।
‘তবে প্রতিবেশীরা জানিয়েছেন, তারা ভোর ৫টার দিকে চিৎকার শুনে মোস্তফা সৌদাগরের ঘরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল।’
ওসি নূর বলেন, ‘সবকিছু বিবেচনা করে আমরা আপাতত সাদ্দাম ও তার স্ত্রীকে সন্দেহভাজন হিসেবে রেখেছি। সাদ্দামকে থানায় নেয়া হয়েছে। তবে আইনুন নাহার অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে বাড়িতেই পুলিশের হেফাজতে রাখা হয়েছে।’
বাংলাধারা/এফএস/এফএস












