১২ মার্চ ২০২৬

আবারও ব্যাপক নৃশংসতার আশঙ্কা, মিয়ানমারে সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক»

মিয়ানমারের উত্তরাঞ্চলে হাজার হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় ওই অঞ্চলে ব্যাপক হারে মানবাধিকার বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। সেখানে সেনাবাহিনী আগের মতো আবারও নৃশংস কর্মকাণ্ড পরিচালনা করতে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। তারপর থেকেই মিয়ানমারের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। সামরিক সরকারের বিরুদ্ধে মাঠে নামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জাতিসংঘে মিয়ানমারের বিশেষ দূত টম অ্যান্ড্রিুস জানিয়েছেন যে, দেশটির উত্তর এবং উত্তর-পশ্চিমাঞ্চলে হাজার হাজার সেনা এবং ভারী অস্ত্র মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, সামরিক সরকার মানবতার বিরুদ্ধে সম্ভাব্য অপরাধ এবং যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এই দূত বলেন, আমাদের এ বিষয়ে প্রস্তুত থাকতে হবে। মিয়ানমারের এই অংশের জনগণের ওপর ব্যাপক নৃশংস অপরাধ সংঘটিত হতে পারে। আমি খুব করে আশা করছি যে, আমি যেন ভুল প্রমাণিত হই। তিনি আশা প্রকাশ করেছেন যে, এ ধরনের নৃশংসতা যেন না হয়।

স্থানীয় একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদে মিয়ানমারে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আটক হয়েছেন আরও ৮ হাজারের বেশি মানুষ।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে পুলিশ চেকপোস্টে সহিংসতার পর বহুদিন ধরে চালানো রোহিঙ্গা নিধনযজ্ঞ জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাত লাখ রোহিঙ্গা। সব মিলিয়ে বাংলাদেশে ১১ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন