জেলা প্রতিনিধি, কক্সবাজার»
শারদীয় দূর্গা উৎসবের বিজয়া দশমীর দিনে উৎসবকালে ক্লান্তি তাড়াতে জল ভেবে ভুলে এসিড পান করেছিলেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী মেধাবী জয় গুহ (১৬)। এ ঘটনায় অসুস্থ জয়কে হাসপাতালে ভর্তি করা হয়। এসিডের ক্ষারে তার দুটি কিডনিই ক্ষতিগ্রস্ত হলে তাকে ডায়ালাইসিস করে সুস্থ করার চেষ্টা চলছিল। কিন্তু পরিবার ও চিকিৎসকদের শত প্রচেষ্টাতে পাশকাটিয়ে রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার দিকে পৃথিবীর মায়া ত্যাগ করেছে মেধাবী এ তরুণ। চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে লাইফ সাপোর্ট থাকাবস্থায় চিকিৎসকগণ তাকে মৃত ঘোষনা করেন। এর ২ দিন আগে থেকেই জয় গুহ ক্লিনিক্যালি ডেড ছিলেন বলে চিকিৎসকেরা জানান।
অকাল প্রয়াত জয় গুহ (১৬) হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী স্বপন গুহ’র ছেলে। তাদের নিজ বাড়ি চট্টগ্রামের হাটহাজারী মির্জাপুর সরকার হাটে হলেও ব্যবসায়ীক কারণে কক্সবাজারে অবস্থান করায় গুহ পড়ালেখা করতে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকেই এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলো জয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৫ অক্টোবর দূর্গাপূজার বিজয়া দশমীর দিনে চট্টগ্রামের হাটহাজারী মির্জাপুর সরকার হাটে নিজ বাড়িতে পানি মনে করে এলথেনিয়াম ডাই অক্সাইড এসিড পান করে ফেলে জয় গুহ। পরে ১৭ অক্টোবর গুরতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয় জয় গুহকে। তার ২ টি কিডনি অচল হয়ে যাওয়ায় সেখানে তাকে ডায়ালসিস করে রাখা হয়। পরে তাকে ম্যাক্স হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকাবস্থায় চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে রোববার সন্ধ্যায় না ফেরার দেশে চলে যায় কৃতি ছাত্র জয় গুহ। তার মৃত্যুর ঘোষণা আসার পর থেকে মা-বাবা দুজনই বার বার জ্ঞান হারাচ্ছিলেন।
এদিকে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন গুহ’র মেধাবী সন্তান জয় গুহ’র অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ঐক্য পরিষদের কক্সবাজার জেলা সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট বাপ্পী শর্মা, জেলা আওয়ামীলীগ নেতা দৈনিক রূপসীগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. খোরশেদ আলম, নির্বাহি সম্পাদক মুহাম্মদ আলী জিন্নাত, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর প্রমুখ। বিবৃতিদাতারা পরলোকগত জয় গুহ’র আত্মার সৎগতি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
বাংলাধারা/এফএস/এফএস












