জেলা প্রতিনিধি, কক্সবাজার»
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্ব শেষ করে নিজের শটগান থেকে গুলি আনলোড করার সময় মো. বেলাল উদ্দিন (২২) নামে এক আনসার ভিডিপি সদস্য অসাবধানতাবশত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর) সকালে কক্সবাজার জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট অমলান জ্যোতি নাথ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানিয়েছেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক ভাবে শটগান থেকে গুলি আনলোড করার সময় নিহত হয়েছেন বলে জানা গেলেও ঘটনার নেপথ্য অন্য কোন কারণ থাকলে তা তদন্তে বেরিয়ে আসবে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
নিহত বেলাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে।
কক্সবাজার জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট অমলান আরো বলেন, ভোট গ্রহণ ও গণনা শেষে রামু উপজেলা কমপ্লেক্সে ফেরার পর নিজেদের শটগান থেকে গুলি আনলোড করছিল বেলালসহ কয়েকজন সদস্য। সেখানে ‘ভুলবশত’ গুলি বের হয়ে বেলালের মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে আসলেই তার শটগান থেকে গুলিটা বেরিয়েছে নাকি অন্য কারও শটগান থেকে বেরিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
জেলা কমান্ড্যান্টের মতে, সম্প্রতি ২১ দিনের প্রশিক্ষণ শেষে আনসারে যোগ দেয় বেলাল। এটি তার দ্বিতীয় নির্বাচনের দায়িত্ব ছিল।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, প্রাথমিকভাবে বিষয়টি মিস ফায়ার বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাধারা/এফএস/এফএস












