বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই-কমিশনার জনাব অনিন্দ্য ব্যানার্জীর সাথে বিজিএমইএ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) বিকেল ৪ টায় খুলশীস্থ বিজিএমইএ ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে উক্ত সভায় বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ’র পরিচালকবৃন্দ সর্বজনাব এ.এম. শফিউল করিম (খোকন), এম. আহসানুল হক, মিরাজ-ই-মোস্তফা (কায়সার), বিজিএমইএ’র সদস্য সর্বজনাব মাহফুজুল হক শাহ, মাহফুজুর রহমান, মঈনউদ্দিন আহমেদ চৌধুরী সহ চট্টগ্রামস্থ ভারতীয় হাই-কমিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলেন বন্ধুপ্রতীম প্রতিবেশী ভারতের সাথে বাণিজ্যি সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি ভারতের বিশাল মার্কেটে বাংলাদেশী তৈরী পোশাক সহ অন্যান্য রপ্তানি পণ্যসমূহ বাজারজাতকরণে বিদ্যমান বাঁধাসমূহ নিরসনে সহযোগিতা কামনা করেন। এছাড়াও বাংলাদেশী ব্যবসায়ী রপ্তানিকারকগণ রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ভারতে গমনের ক্ষেত্রে ভিসা প্রাপ্তি সহজীকরণের উপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিশেষতঃ আইটি খাতে ভারতের বিনিয়োগের প্রশংসা করে বলেন, উভয় দেশের ব্যবসায়ীদের পারষ্পরিক সুসম্পর্ক ও যোগাযোগের মাধ্যমে ব্যবসা বাণিজ্য উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই-কমিশনার জনাব অনিন্দ্য ব্যানাজী বলেন, বাংলাদেশের পোশাক শিল্পের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, ভারতীয় বাজারে বাংলাদেশের পোশাক শিল্প সহ অন্যান্য রপ্তানি পণ্য বাজারজাতকরণে বিশাল সুযোগ রয়েছে। এ’ক্ষেত্রে উভয় পক্ষের ব্যবসায়ীক পর্যায়ে পারষ্পরিক যোগাযোগের মাধ্যমে সুযোগ-সুবিধা আরো কিভাবে সম্প্রসারণ ও সহজীকরণ করা যায় সে’বিষয়ে উদ্যোগ নেয়ার আহ্বান জানান। বাংলাদেশী রপ্তানিকারকদের ভারতে গমনের ক্ষেত্রে ভিসা প্রাপ্তি সহজীকরণ করা হবে মর্মে তিনি আশ্বাস প্রদান করেন।
বাংলাধারা/এফএস/এফএস












