বাংলাধারা প্রতিবেদন»
গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে নগরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দু্ই নম্বর গেট এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বেলা ১টার দিকে সমাবেশস্থল থেকে মিছিল বের হয়ে জিইসির মোড়ে গিয়ে শেষ হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সড়ক, নৌ ও রেলপথসহ সর্বস্তরে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা, গণপরিবহনে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত বাতিল করা, পরিবহন খাতে শ্রমিকদের ওপর চলমান সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা, জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের দাম কমানো, রাস্তার ধারণক্ষমতা বিবেচনায় ব্যক্তিগত পরিবহন হ্রাস, গণপরিবহন ও ট্রাফিক ব্যবস্থার মানোন্নয়ন নিশ্চিত করা।
শিক্ষার্থীরা বলেন, অতিরিক্ত ভাড়া বহন করতে আমাদের কষ্ট হচ্ছে। সামান্য পথ পাড়ি দিতে আমাদের অনেক বেশি ভাড়া দিতে হচ্ছে। যা আমাদের ওপর জুলুম। গ্রাম থেকে এসে আমরা টিউশন করে চলি। টিউশনের টাকা যদি গাড়ি ভাড়ায় চলে যায় তাহলে খাবো কী? সারাদেশে গণপরিবহনে হাফ ভাড়ার দাবি নতুন নয়। এটি আমাদের যৌক্তিক দাবি।
তারা বলেন, চট্টগ্রামে তো হাফ পাসের সিস্টেমই নেই। আমরা চাই প্রশাসনের সঠিক সিদ্ধান্ত। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। প্রশাসন সুদৃষ্টি দিলে চট্টগ্রামে শিক্ষার্থীদের এই দুর্ভোগ পোহাতে হবে না।
বাংলাধারা/এফএস












