কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার বিমানবন্দর রানওয়েতে উড্ডয়নের সময় দুটি গরুর সাথে ধাক্কা লেগেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের। এতে বিমানের ডান পাখার ধাক্কায় গরু দুটি ঘটনাস্থলেই মারা গেছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার পথে শেষ ফ্লাইট উড্ডয়নকালে এ ঘটনা ঘটেছে।
নাম প্রকাশ না করার শর্তে কক্সবাজার বিমানবন্দর সংশ্লিষ্টরা তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। কিন্তু বিমানবন্দর ব্যবস্থাপক গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করেননি।
তবে বিমানটি বড় দূর্ঘটনা থেকে রক্ষা পেয়ে ৯৪ যাত্রী অক্ষত রয়েছে। সন্ধ্যা ৭টা ৫মিনিটে যাত্রী সমেত বিমানটি ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র।
ওই বিমানের যাত্রী কক্সবাজার পৌরসভার বাসিন্দা জানে আলম জানান, মঙ্গলবারের শেষ ফ্লাইট হিসেবে সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (BG-438) ৯৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করছিল। হঠাৎ কিসের সাথে যেন ধাক্কা লাগে বিমানটির। এতে তীব্র ঝাঁকুনি হলে সবাই আতঙ্কিত হয়ে দোয়া-দুরুদ পড়তে থাকে। আল্লাহর রহমতে আমরা নিরাপদে ৭টা ৫ মিনিটে ঢাকা বিমানবন্দরে অবতরণ করতে পেরেছি। পরে খবর নিয়ে জেনেছি, বিমানের পাখার সাথে ধাক্কা লেগে দুটি গরু মারা গেছে।
বিমানবন্দর সূত্রও নিশ্চিত করেছে, বিমানটি ৭টা ৫ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে।
এ ব্যাপারে জানতে কক্সবাজার বিমানবন্দরে ব্যবস্থাপক মো. গোলাম মূর্তুজা হোসেনের সরকারি মুঠোফোনে একাধিক বার কল করা হয়। তবে, তিনি ফোন রিসিভ করেননি।
কিন্তু নাম প্রকাশ না করার শর্তে কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমান বাংলাদেশের একটি ফ্লাইট উড্ডয়নের সময় হঠাৎ কোথা থেকে যেন দুটি গরু রানওয়েতে চলে আসে। আর বিমানের ডান পাখায় আঘাত লেগে গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়। তবে বিমানটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। ফলে অক্ষত আছেন বিমানের ৯৪ যাত্রী।
উল্লেখ্য, কক্সবাজার বিমানবন্দর রানওয়েটি দীর্ঘদিন ধরে অরক্ষিত। বিমানবন্দরের কয়েক পাশে নিরাপত্তা দেয়াল মজবুত নেই। ফলে কুকুর, গরু ও মানুষের অবাধ যাতায়াত নানান সময় উঠে এসেছে। এ নিয়ে নানা আশংকার কথা বলার পর ৩০ নভেম্বর এ দুর্ঘটনা ঘটলো। তবে একটি বড় অঘটন থেকে আল্লাহ সবাইকে রক্ষা করলো।
বাংলাধারা/এএ












