সীতাকুণ্ড প্রতিনিধি »
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়িতে ডেকে নিয়ে বিষপান করিয়ে প্রেমিকাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় এ খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গেলে স্বজনর তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে ঘটনার পর কিশোরীর পরিবারের দাবি, ওই কিশোরীকে পরিকল্পিতভাবে বিষপান করিয়েছে প্রেমিকের বাড়ির লোকজন।
পুলিশ বলছে, প্রেমিক বিয়ে না করায় মেয়েটি নিজে বিষপান করেছে বলে ধারণা।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরীর সাথে চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল একই এলাকার মোহাম্মদ জসীমের ছেলে নিশান (২২) নামে এক যুবকের সাথে।
কিশোরীর ভাই জিসান জানান, আমার বোনের সাথে নিশানের ৪ বছরের প্রেমের সম্পর্ক। বিষয়টি দুই পরিবারই জানত। মঙ্গলবার সন্ধ্যায় আমার বোনকে নিশান তার নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। কিন্তু এরপরই আমরা খবর পাই যে তাদের বাড়ির পেছনের একটি বাগানে আমার বোন অজ্ঞান অবস্থায় পড়ে আছে।
তিনি বলেন, আমরা ধারণা করছি, পরিকল্পিতভাবে আমার বোনকে হত্যা করতে তারা তাকে বিষ খাইয়ে অজ্ঞান অবস্থায় ফেলে রেখেছিল। পরে আমরা তাকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করি।
সীতাকুণ্ডের কুমিরার ইউপি চেয়ারম্যান মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, আমি যতটুকু জেনেছি মেয়েটি তার প্রেমিকের বাড়িতে যায়। সেখানে প্রেমিক ও তার বাবা মেয়েটিকে অপমান করায় সে রাগে ক্ষোভে বিষপান করেছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘চার বছরের প্রেমের সম্পর্ক থাকার পরও প্রেমিক এখন তার সাথে সম্পর্ক রাখতে না চাওয়ায় মেয়েটি রাগে ক্ষোভে বিষপান করেছে বলে শুনেছি। তবে সে এখন হাসপাতালে থাকায় আমরা বিস্তারিত জানি না। কিছুটা সুস্থ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।’
বাংলাধারা/এএ












