বাংলাধারা ডেস্ক »
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা ছাত্রদের কাজ না। এটা কেউ করবেন না। দয়া করে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান, লেখাপড়া করেন। আর যারা দোষী অবশ্যই তাদের শাস্তি দেওয়া হচ্ছে, তাদের খুঁজে বের করা হচ্ছে, সেটা আমরা করব।
বুধবার (১ ডিসেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন ও জয়িতা টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ (ভার্চুয়াল) করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ভবিষতে এই গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া যারা করবে তাদেরকেও খুঁজে বের করা হবে। তাদেরকেও শাস্তি দেওয়া হবে। আর ওই গাড়িতে যদি কেউ মারা, যে গাড়িতে আগুনে দেবে; তার জন্যও কঠোর শাস্তি দেওয়া হবে। এ কথাটাও মাথায় রাখতে হবে।
তিনি জানান, আইন-শৃঙ্খলা বাহিনী অনেক সতর্ক এ ব্যাপারে। সব জায়গায় ভিডিও ফুটেজ আছে। যেকোনো সময় যেকোনো অপরাধ করলে তাকে ধরে ফেলা খুব একটা কঠিন হচ্ছে না। আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই সেটা করা হচ্ছে। আরও করা হবে।
বাংলাধারা/এএ












