নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর চাক্তাই ফুলতলা এলাকায় এক ব্যবসায়ীর বসতঘর, কারখানা ও গুদামঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা বাহাদুরের বিরুদ্ধে।
বুধবার (১ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের এস আর রহমান হলে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন ভুক্তভোগী ওই ব্যবসায়ি পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেসার্স সমতা হার্ডওয়্যার স্টোরের মালিক স্বপন কুমার দে (৬৮)। তিনি নগরীর বাকোলিয়া থানাধীন চাক্তাই ফুলতলা এলাকার মৃত শ্যামাপদ দে ছেলে।
এসময় তিনি অভিযোগ করে বলেন, গত ৩০ জুন আওয়ামী লীগ নেতা বাহাদুর ও তার সন্ত্রাসী বাহিনী ভয়ভীতি দেখিয়ে বসতবাড়ি, কারখানা ও গুদাম ভাঙচুর করে নিঃস্ব করে দিয়েছে। এ বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, পুলিশ কমিশনার ও কেতোয়ালী থানার ওসিসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রতিকার চেয়েছি। এরপরেও এসব দখলদারদের হাত থেকে আমাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ নয়। উল্টো প্রতিপক্ষের লোকজন আমাদের হুমকি দামকি দিয়ে আসছে। বতর্মানে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি।’ তিনি লুটপাট হয়ে যাওয়া ৫ লাখ টাকার বিভিন্ন মালামাল ফেরত পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
অভিযুক্ত ফয়েজ উল্লাহ চৌধুরী প্রকাশ বাহাদুরের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব বিষয় আমি কিছু জানি না। আমি এসব কিছুতে জড়িত নই। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
এদিকে অভিযোগকারী জানান, ঘটনার সংশ্লিষ্ট বিষয়ে চট্টগ্রাম চীফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে ফয়েজ উল্লাহ চৌধুরী প্রকাশ বাহাদুরসহ ৫ জনের বিরুদ্ধে গুদামঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করেছে। যা তদন্ত করছে কোতোয়ালী থানার পুলিশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বপন দের স্ত্রী রুপালী দে, মো. মুন্না, সাজিব দত্ত, জাকের মাঝিসহ প্রমুখ।
বাংলাধারা/এএ












