বাংলাধারা প্রতিবেদক »
বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০২১’ এর অংশ হিসেবে চট্টগ্রাম নৌ অঞ্চলে সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ ডিসেম্বর) চট্টগ্রামস্থ বানৌজা ঈসা খানের স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিক্সে (এসএমডব্লিউটি) এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন মেরিটাইম সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সচেতনতা বিষয়ক এ সেমিনারে সমুদ্রপথে বাণিজ্যিক সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তায় সামুদ্রিক খনিজ সম্পদের ব্যবহার, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিবেশ ও জীববৈচিত্র রক্ষাসহ সমুদ্র সম্পদের নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জসমূহ মোকাবেলার বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সেমিনারে বাংলাদেশ সেনা ও বিমান বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, চট্টগ্রাম বন্দর, পায়ড়া বন্দর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মেরিন ফিসারিজ একাডেমি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিআইডব্লিউটিএ, চট্টগ্রাম কাস্টম’স হাউজ, বিএনসিসি, Bangladesh Oceanography Research Institute (BORI), পরিবেশ অধিদপ্তর এবং চট্টগ্রাম ড্রাই ডক লি. প্রতিনিধিগণ তাদের মতামত উপস্থাপন করেন।
বক্তারা বিশাল সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সকল মেরিটাইম সংস্থাসমূহকে একসাথে কাজ করা ও সমন্বিত পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। সেমিনারটি ‘ব্লু বাংলাদেশ’ এবং তদীয় ‘ব্লু ইকনোমি’র উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন বক্তারা।












