২৬ মার্চ ২০২৬

সংবাদকর্মীদের অবরুদ্ধ করে রাখলো কাউন্সিলরের সহযোগী

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেকের ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিনের বিরুদ্ধে সাংবাদিক অবরুদ্ধ করে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে নগরীর স্টিলমিল বাজার পোস্ট অফিস গলি সংলগ্ন কাউন্সিলর আব্দুল বারেকের অস্থায়ী কার্যালয়ে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক শাহরুখ।

সাংবাদিক শাহরুখ জানান, স্টিলমিল বাজারে দোকানদারদের কাছ থেকে বর্তমান কাউন্সিলর ও তার সহযোগিরা চাঁদাবাজি করেন এমন অভিযোগের ভিত্তিতে আমি এবং আমার ক্যামেরা পার্সন সুজন দাশ সংবাদ কাভারেজ করতে আসি। এ বিষয়ে বাজারে দোকানদারদের বক্তব্য নিয়ে কাউন্সিলর আব্দুল বারেকের বক্তব্য নিতে গেলে তার সহকারী সাইফুদ্দিন প্রকাশ সাহাবুদ্দিনসহ কাউন্সিলরের কয়েকজন সহযোগী আমাদেরকে ওই অফিসে প্রায় দেড় ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এসময় সাহাবুদ্দিন ফেসবুক লাইভে গিয়ে আমাদেরকে নানাভাবে লাঞ্চিত করেন। পরে স্থানীয় থানা পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে সরকার অনুমোদিত অনলাইন নিউজ পোর্টাল বাংলাধারার দুই সাংবাদিক স্টিলমিল বাজারে প্রতিবেদন করতে আসেন। এসময় দোকানিদের সাথে কথা বলার পর স্টিলমিল বাজারে অস্থায়ী কাউন্সিলর কার্যালয়ে যান। তখন কাউন্সিলরের ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন প্রকাশ সাহাবুদ্দিন তাদেরকে অবরুদ্ধ করে নানা অশ্লিল ভাষায় গালিগালাজ করেন এবং ফেসবুক লাইভে গিয়ে নানা অপবাদ দেন। পরে পতেঙ্গা থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে জানতে চসিক কাউন্সিলর আব্দুল বারেককের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল ধরেননি।

অপরদিকে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের মুঠোফোনে একধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনিও কল ধরেননি।

সাংবাদিক লাঞ্চিত করার বিষয়টিতে বিভিন্ন সংবাদকর্মীহ বেশ কয়েকজন সাংবাদিক নেতা এর তীব্র নিন্দা জানান।

আরও পড়ুন