২৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে আলোচিত ঘটনা: ফিরে দেখা ২০২১

বাংলাধারা প্রতিবেদক »

২০২১ সাল, বাংলাদেশ এই বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করলো। করোনা মহামারির মধ্যে শুরু হওয়া বছর ২০২১ ছিলো শুরু থেকে শেষ পুরোটাই আলোচনা সমালোচনায় ভরপুর।

বছরের শুরুতেই অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিটি মেয়র নির্বাচিত হন মো. রেজাউল করিম চৌধুরী।

মার্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন ঠেকাতে সারাদেশের মতো চট্টগ্রামেও তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে এস. আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক অসন্তোষের জের ধরে শ্রমিক-পুলিশ ও এলাকাবাসীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়।

মে মাসে চট্টগ্রামের ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় ইয়াস। তাতে বিপুল ক্ষয়ক্ষতির মুখোমুখি হয় চট্টগ্রামের উপকূল।

চট্টগ্রামে এ বছরে নালায় পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। ৩০ জুন নগরের ষোলশহর দুই নম্বর গেট মেয়র গলিতে বৃষ্টির সময় সিএনজি অটোরিকশা সরু সড়ক দিয়ে চলাচলের সময় খালে পড়ে যায় এতে নিহত হয় দুই জন। এরপর গত ২৫ আগস্ট দুপুরে মুরাদপুর মোড়ে পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হন সালেহ আহমদ নামের সবজি বিক্রেতা। প্রায় ৬ মাস পেরিয়ে গেলেও এখনও খোঁজ মিলেনি তার।

পরের মাসেই ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদে নালায় পড়ে মারা যান বিশ্ববিদ্যালয় ছাত্রী শেহরীন মাহবুব সাদিয়া। চলতি মাসের ৪ ডিসেম্বর নালায় নেমে স্রোতে ভেসে যায় ৮ বছরের এক শিশু। ৩ দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। এসব দুর্ঘটনার পর একে অন্যের ওপর দোষ চাপিয়ে দায় সেরেছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এনিয়েও দুই সংস্থার দ্বন্দ্ব স্পষ্ট হয় এবছরেই।

অরক্ষিত রেল ক্রসিং এ বাসের ধাক্কায় সিএনজি গিয়ে ট্রেনের সাথে সংঘর্ষে নিহত হয় ৩ জন।

বছরজুড়ে আলোচিত ছিল চট্টগ্রাম কারাগার ও কারাবন্দি পালিয়ে যাওয়া, চট্টগ্রাম জেল সুপার ও ডেপুটি জেলার প্রত্যাহার, সংরক্ষিত চট্টগ্রাম কারাগার অরক্ষিত হয়ে ওঠা, অনিয়মই, কারাগারে বন্দি নির্যাতনের অভিযোগে মামলা ও কারাবন্দিদের মোবাইল সেবা।

নগরীর ফ্লাইওভারে ফাটল ধরা পড়লে ফের শিরোনামে আসে সিডিএ। পরীক্ষা নিরিক্ষা করে ফাটলের বিষয়টা উড়িয়ে দেয় সেবা সংস্থাটি।

বছরজুড়ে চট্টগ্রামের আদালত অঙ্গনে আলোচিত বদলি জেল খাটা মিনু, হাসিনা আক্তারের সাজা খাটছেন হাছিনা বেগম, মিতু হত্যা মামলা, ওসি প্রদীপের মামলা, মামলার নথি থেকে আইনজীবীর চেক চুরি এবং পুলিশ হত্যা তদন্তে পুলিশের গাফিলতি।

২০২১ সালজুড়ে বন্দরনগরী চট্টগ্রাম খবরের শিরোনাম আরও আলোচনায় শীর্ষে ছিল নগরীর মানুষ খেকো খোলা ড্রেন এবং শতবছরের ঐতিহ্য সিআরবি রক্ষার আন্দোলন।

চট্টগ্রামে বছরজুড়ে আলোচনায় ছিল চট্টগ্রাম মহানগরীর ফুসফুস খ্যাত সিআরবি রক্ষার আন্দোলন। শতবর্ষী শত শত বৃক্ষ বেস্টিত সবুজে আচ্ছাদিত রেলওয়ের সিআরবি এলাকাটি নগরীর সব শ্রেণির মানুষের কাছে বুকভরে বিশুদ্ধ শ্বাস নেওয়ার স্থান। এই সিআরবি এলাকাতেই রেলওয়ে এবং ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণের কার্যক্রম শুরু করলে প্রতিবাদ বিক্ষোভে মুখর হয়ে উঠে চট্টগ্রাম নগরী।

গত আগস্ট মাস থেকেই সরকারিদলসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে প্রায় তিন মাস ধরে টানা আন্দোলন চালিয়ে যায়।

প্রতিদিন প্রতিবাদ সমাবেশ, মানবন্ধন, গান, আবৃত্তিতে প্রতিবাদ, মোমবাতি জ্বালিয়ে কিংবা নানা প্রতিবাদি সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমেও সিআরবি রক্ষার আন্দোলনে শরিক হয় শিক্ষক সাংবাদিক, পেশাজীবী, ছাত্র/ছাত্রীসহ সকল শ্রেণির মানুষ। সিআরবি রক্ষার আন্দোলনে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সেই আন্দোলন এখনো চলমান।

এ বছর দুর্গাপূজায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে সারাদেশে সংহিসতার মধ্যে চট্টগ্রামের জেএমসেন পূজামণ্ডপসহ বিভিন্ন জায়গায় চালানো হয় হামলা।

চট্টগ্রাম মেডিকেলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত আকিবের মাথার হাড় ভেঙে গেলে ব্যান্ডিসের উপরে লেখা হয় হাড় নেই চাপ দিবেন না। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা দেখে কেদেছে দেশবাসী।

বছরের শেষ দিকে চট্টগ্রাম কেঁপে ওঠে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে। যাতে হেলে পড়ে নগরীর বেশ কয়েকটি ভবন। ফাটলও দেখা দেয় কয়েকটি ভবনে। এবছরই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রামে গনপরিবহনে চালু হয় হাফ ভাড়া। যা অনেকগুলো খারাপ খবরের আড়ালে একটি স্বস্তির খবর।

সবসময়ই অন্ধকার সুরঙ্গের শেষে আলোর দেখা মেলে। ২০২১ সম্পর্কে এ কথাটা যেন খুবই বেশি করে সত্যি। বছরটা শুরু হয়েছিল করোনা-আতঙ্ক দিয়ে। চারপাশে শুধু আতঙ্ক, হতাশা, মৃত্যুর ছবি। মনে হচ্ছিল, এই অন্ধকার সময় যেন আর কাটবে না। লকডাউন, ঘরবন্দি মানুষ, অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ মনকে বিবশ করে দিতো। কিন্তু ওই যে খারাপের শেষে ভালোর ঝলক থাকে। দুঃখ, মৃত্যুর পরও থেকে যায় আশা, থেকে যায় প্রাণের নিত্যধারা, তাই সব শেষ হয় না, হতে পারে না।

বাংলাধারা/এসএস/এএ

আরও পড়ুন