বাংলাধারা প্রতিবেদক »
ফরম জালিয়াতি করে প্রকৃত আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বাদ দিয়ে সেখানে নব্য আওয়ামী লীগের লোকজনকে দিয়ে ফরম পূরণের অভিযোগ উঠেছে চট্টগ্রাম মহানগর ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদের বিরুদ্ধে।
চট্টগ্রাম নগর ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিট সম্মলনকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন স্বাক্ষরিত ৪০ নম্বর ওয়ার্ডের সি-ইউনিটের জন্য ১৫০টি ফরম দেওয়া হয়। পরে এসব ফরম বুঝিয়ে দেওয়া হয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদকে। তার মধ্যে ১৩টি ফরম জালিয়াতি করে প্রকৃত আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বাদ দিয়ে সেখানে নব্য আওয়ামী লীগের লোকজনকে দিয়ে এসব ফরম পূরণ করার অভিযোগ উঠেছে।সম্প্রতি এসব ফরম পূরণ শেষে নগর আওয়ামী লীগ দফতরে জমাও দেওয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, গায়েব হওয়া ওই ১৩টি পূরণ করেছে তাদের পরিবারের নারী সদস্য, ওয়ার্ড সাধারণ সম্পাদকের ঘরের কাজের মেয়ে ও নব্য আওয়ামী লীগ কর্মীরা।
গত ২৮ ডিসেম্বর ফরম বঞ্চিত হওয়ার বিষয়টি নগর কার্যালয়ে একটি অভিযোগ দিয়েছে দীর্ঘদিন ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতি সঙ্গে জড়িত ১৩ জন। সেখানে ওয়ার্ডের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদের বিরুদ্ধে এই ১৩টি ফরম গায়েব করার অভিযোগ আনা হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ‘গত ২৭ সেপ্টেম্বর নগরের ৪০ নং ওয়ার্ডের আওতাধীন ‘গ’ ইউনিট আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকের উপস্থিতিতে প্রবীণ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সুপারিশের প্রেক্ষিতে শতভাগ যাচাই-বাছাইয়ের মাধ্যমে সদস্য ফরমগুলো পূরণ করা হয়। কিন্তু মহানগর কার্যালয়ে জমা দেওয়ার সময় তথ্য ফরমগুলো ওয়ার্ড সাধারণ সম্পাদক ও ইউনিট সভাপতি/সাধারণ সম্পাদক তাদের দল ভরি করতে তথ্য ফরমগুলো গায়েব করেন এবং নতুন ফরম পূরণ করে জমা দেন।’
এসব ফরম গায়েব করার জন্য ওয়ার্ড সাধারণ সম্পাদক জয়নাল আবেদন চৌধুরী আজাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মহানগর আওয়ামী লীগের নিকট আবেদন জানান অভিযোগকারীরা।
চলতি বছরের ২৭ সেপ্টম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এ, বি ও সি সহ তিনটি ইউনিটের জন্য মোট ৪৫০ ফরম দেওয়া হয়। গত ১০ ডিসেম্বর পূরণ শেষে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর নিকট এসব ফরম জমা দেন ওয়ার্ডের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদ।
এদিকে ফরম বঞ্চিতরা জানান, গত ২৮ ডিসেম্বর সি-ইউনিটের জন্য ১৫০টি ফরম দেওয়া হয়। এসব ফরমের ফটোকপি ওয়ার্ড কার্যালয়ে সংরক্ষিত রয়েছে। কিন্তু নগর থেকে আমাদের জন্য ফরম দেওয়া হলেও সাধারণ সম্পাদকের পরিচিত লোকজন, তার ঘরের কাজের মেয়ে ও জামায়াত-বিএনপির রাজনীতি সঙ্গে জড়িত ব্যক্তিরা এসব এসব ফরম পূরণ করেছেন। অথচ আমরা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকারও পরও আমাদের ফরমগুলো অন্যত্রে বিতরণ করা হয়েছে। যা খুবই দুঃখজনক।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে জয়নাল আবেদীন চৌধুরী আজাদ বলেন, ‘আমার বিরুদ্ধে দেওয়া অভিযোগ সত্য না। আপনি সরাসরি এসেই কথা বলেন, আমি মুঠোফোন কাউকে বক্তব্য দেইনা।’
এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চসিক কাউন্সিলর আব্দুল বারেকের কাছে জানতে চাইলে বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘এ ধরনের কাজ কিভাবে হলো আমার বোধগম্য নয়। যাদের ফরম বের করা হয়েছে তারা সবাই আওয়ামী লীগের ত্যাগী নেতা। মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে আমরা বসবো, এ বিষয়ে তারা যে সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত।’
উল্লেখ্য, গত বৃস্পতিবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগরের ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণার থাকলেও তা স্থগিত করা হয়।
বাংলাধারা/এসএস














