২৬ মার্চ ২০২৬

শর্ষের ফুলে ফুলে শিশির ফোঁটা

মাকসুদ আহম্মদ, বিশেষ প্রতিবেদক»

শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে শর্ষের ফুলে জমেছে শিশিরফোঁটা। শর্ষে ফুলের হলুদ আভায় ভরে গেছে চারদিক। প্রজাপ্রতিরা শর্ষের ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে। হলুদের অনুভূতিতে মধু আহরণ করে আনন্দ উপভোগ করছে ডানা মেলে ওড়া প্রজাপতি।

চাষীরা সারাদিন শর্ষে ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত। বাধার বাঁধ ভেঙ্গে সন্ধ্যা অবধি শর্ষে ক্ষেতকে ঘিরে শিশুদের আনাগোনাও কম নয়। আবার এলাকার মেয়ে শিশুদের মধ্যে কেউ কেউ কানে শর্ষে ফুল লাগিয়ে গৃহবধূর অঙ্গভঙ্গিও চালায়। আবার কেউবা কুড়িয়ে নেয় মায়ের কাছে। বিঘার পর বিঘা শর্ষের এ চাষ দেখা গেছে রাউজানের তৌকির হাট এলাকায়।

ষড়ঋতুর এদেশে এখন ঋতুর সময়কালে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ঋতু বৈচিত্রের এ দেশে ফসলী জমিতে ফলনেও পরিবর্তন এসেছে। এক সময় মাঘ মাসে প্রচুর শীত অনুভূত হলেও তা এখন আর কার্যকর হচ্ছে না। আবহাওয়ার পরিবর্তনের কারণে শীতের অনেকটা ক্রান্তিলগ্ন দেখা যাচ্ছে । তবে ফসলের জমিতে এ পরিবর্তন এখনও আসেনি। কালের বিবর্তনে চাষীরা ফসল ফলাতে যেমন সক্ষম তেমনি বাম্পার ফলন তাদের কাছে আর্শিবাদের মত। কিন্তু ফসলী জমিতে যখন মনের আনন্দে শিশুরা নেমে যায় তখন চাষীদের বাধা বিপত্তি ততটা কার্যকর হয় না আদুরে স্বভাবের কারণে।

চট্টগ্রামের রাউজানে দেখা গেছে বিশাল এলাকা জুড়ে শর্ষের আবাদ । বিঘার পর বিঘা সরিষার চাষ হয়েছে। চারদিকে তাকালে শুধু হলুদের সমারোহ। সরিষা গাছগুলো হলুদ ফুল বিলিয়ে দিয়ে যেন মনে হয় আকাশ পাণে চেয়ে আছে। শীতের ক্রান্তিলগ্নে শিশিরের প্রভাবটাও অনেকটা কমেছে। কিন্তু শর্ষে ফুলে ফুলে জমে থাকা শিশির ফোঁটা ধরতে শিশুদের মধ্যে রয়েছে সীমাহীন কৌতুহল। তাই ছুটে যায় শিশুরাও। এক নাগাড়ে অনেক জমিতে সরিষার আবাদ করায় পুরো আঙ্গিনা যেন হলুদে ছেয়ে গেছে এ এলাকার। সূর্যাস্তের সময়ও শিশুরা লুটোপুটি খায় সরিষা ক্ষেতে।

হাতেগোনা কয়েকটি দোকান ও টি স্টলও রয়েছে এ আঙ্গিনায়। সকাল দুপুর রাজনৈতিক আলোচনা সমালোচনা চলে টি স্টলগুলোতে তারুণ্যের ঝড়। সন্ধ্যায় ছুটে আসে প্রবীণ শ্রেণীর লোকেরা। তাদেরও চায়ের দোকানকে ঘিরে চলে ধুমছে আড্ডা। গ্রামাঞ্চলে এ ধরনের সমাগম বাজার কেন্দ্রিক হলেও রাউজানের তৌকির হাট ঘিরে রয়েছে অনেকটা ব্যতিক্রম।

বাংলাধারা/এফএস

আরও পড়ুন