বাংলাধারা প্রতিবেদক »
ভেজাল ও নিম্নমানের বিষাক্ত ফ্লেভার, পাম ওয়েল ও ডালডার সংমিশ্রণে অস্বাস্থ্যকর পরিবেশে দুধের কোন উপাদান ছাড়াই ঘি তৈরির অভিযোগে বিএসপি ফুডস প্রোডাক্টসের বিপুল পরিমাণ ঘি জব্দ করেছে র্যাব-৭। এসময় বিএসপি ফুডস প্রোডাক্টস’র জেনারেল ম্যানেজার মো. আমিনুল ইসলাম নিজামকে (৪২) গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার কেজি ভেজাল ঘি জব্দ করা হয়।
গ্রেফতার আমিনুল ইসলাম ভোলার লালমোহন থানার সবুজবাগের মৃত নুরুল ইসলামের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসপি ফুডস প্রোডাক্টসের ভেতরে বিক্রির উদ্দেশে ভেজাল ঘি তৈরি করছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযানে যায় র্যাবের একটি দল। এ সময় ওই প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৩৬০ কেজি ভেজাল ঘি, বিপুল পরিমাণ নিম্নমানের বিষাক্ত ফ্লেবার, পাম অয়েল ও ডালডা জব্দ করা হয়। পরে ওই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মো. আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে
এর আগেও ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানকে ২৩ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছিলো বলেও জানিয়েছেন মো. নুরুল আবছার।












