বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর ডবলমরিং থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে সাড়ে ৪৯ হাজার টাকাসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় জুয়ার সামগ্রী জব্দ করা হয়।
শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ৯ টার দিকে চৌমুহনী সংলগ্ন এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো— মো. নাসির উদ্দিন (৫২), মো. আজাদ (৩৫), মো. ইলিয়াছ (৪৫), মো. হেলাল উদ্দিন (৩২), মো. আব্দুল হান্নান খন্দকার (৪৯), মো. তাজুল ইসলাম প্রকাশ দিপু (৪০), জেবেল আহম্মদ (৫৫) ও রঞ্জিত কুমার দাশ (৫৯)।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী সংলগ্ন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তাস এবং নগদ সাড়ে ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।












