২৮ মার্চ ২০২৬

চবি সাংবাদিক সমিতির রজতজয়ন্তী উৎসব উদযাপিত

বাংলাধারা প্রতিবেদন»

১৯৯৬ সালের ৬ ডিসেম্বর যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। পঁচিশ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন করেছে সংগঠনটি। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল থেকে বিভিন্ন পর্বের মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়।

সকাল সাড়ে ১১টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। চবিসাস সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনাওয়ার রিয়াজ মুন্নার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ, মুখ্য আলোচক যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক, চবিসাসের সাবেক সভাপতি সাহাব উদ্দিন নিপু ও হামিদ উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, সাংবাদিকদের বিবেকের মাধ্যমে পরিচালিত হতে হবে। হলুদ সাংবাদিকতা পরিহার করে সত্যনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। সঠিক তথ্য জেনে নিয়ে সংবাদ প্রকাশ না করলে মানুষ বিভ্রান্ত হয়, ভয় পেয়ে যায়। আশা রাখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সৎ সাংবাদিকতা করবে। আর চ্যালেঞ্জগুলো সাহসের সাথে মোকাবিলা করবে।

তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে একসাথে চলি, একসাথে ভাবি এ বিশ্ববিদ্যালয় কিভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। অন্তত আমরা যেন নতুন কিছু সৃষ্টি করতে পারি। বিজ্ঞানে ও গবেষণায় প্রথম হতে পারি।

বিশেষ অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দীর্ঘ সময় পেরিয়ে আজকের অবস্থানে এসেছে। এসময়ে তাদের অনেক পরীক্ষা দিতে হয়েছে। আমি মনে করি সংগঠনটি তার যোগ্যতা দিয়ে এসব কাটিয়ে যাবে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সংবাদপত্র সমাজের দর্পণ। এই দর্পণকে দায়িত্বশীলতার মাধ্যমে কাজে লাগান। তাহলে সমাজব্যবস্থা কখনোই পিছিয়ে পড়বে না।

এসময় মূখ্য আলোচনা রাখেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক। বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতায় নৈতিকতার ভিত্তি আরও মজবুত করতে হবে। সাংবাদিকদের ব্যক্তিগত ও দলীয় স্বার্থের চেয়ে দেশ ও জাতির স্বার্থকে প্রাধান্য দিতে হবে। কাউকে খুশি করার জন্য গুরুত্বপূর্ণ সংবাদ চাপিয়ে রাখা যাবে না।

সভাপতির বক্ত্যবে সংগঠনের সভাপতি ইমরান হোসাইন বলেন, চবিসাসকে ২৬ বছরে পদার্পণ করতে দুর্গম যাত্রাপথ অতিক্রম করতে হয়েছে। এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বদরবারে তুলে ধরতে কাজ করে গেছে সাংবাদিক সমিতি। ত্রিশ বছর ধরে ছাত্র সংসদ নেই। চাকসুর এই অনুপস্থিতিতে শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবে পরোক্ষভাবে কাজ করেছে সাংবাদিক সমিতি।

অনুষ্ঠানে চবিসাসের সাধারণ সম্পাদক মুনাওয়ার রিয়াজ মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম। মূখ্য আলোচক যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক ‘করোনা পরিস্থিতিতে বাংলাদেশের সাংবাদিকতা: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক আলোচনা রাখেন। আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক সভাপতি, আমাদের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদুল্লাহ, সাবেক সভাপতি ও চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাবুদ্দীন নিপু। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ