বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের রুমা সড়কে রোয়াংছড়ির উপজেলা তারাছা ইউনিয়নে মুরুংগো বাজার এলাকায় বেইলি ব্রিজ ভেঙে ব্রিজের উপর ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এসময় বান্দরবান রুমা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
নিহত চালকের নাম মো. আবদুল গফুর (৫৫)। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার পুরানগড়ের হাসিম পাড়া।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নে বান্দরবান রুমা সড়কের মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি চাল বোঝাই ট্রাক বান্দরবান থেকে রুমা যাবার পথে রোয়াংছড়ির মুরুং বাজারের আগে বেইলি ব্রিজের মাঝামাঝি পৌছানোর পর হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে যায়। এতে ব্রিজের উপর ট্রাকটি উল্টে পড়ে চালক আবদুল গফুর ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয় ও পুলিশ মিলে ট্রাকের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে। ব্রিজ ভেঙে পড়ার সাথে সাথে বান্দরবান রুমা সড়কের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।
মুরুং বাজারের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আহমেদ সিকদার বলেন, বান্দরবান থেকে চাল বোঝাই ট্রাক ব্রিজে উঠার পর ব্রিজ ভেঙে ট্রাকটি উল্টে গিয়ে চালক মারা গেছে। এসময় বান্দরবান রুমা সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে। বর্তমানে লাশ ট্রাক থেকে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।












