২৬ মার্চ ২০২৬

চবিতে বিরল প্রজাতির ‘কিং কোবরা’ উদ্ধার

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের উত্তরপাশ থেকে ১০ ফুট লম্বা বিরল প্রজাতির একটি কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি জঙ্গলে অবমুক্ত করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের পাশের আবাসিক এলাকা থেকে সাপটি উদ্ধার করেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল ওয়াহেদ চৌধুরী ও মাস্টার্সের ছাত্র রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক বলেন, সাপটি দেখে নিরাপত্তা দপ্তর থেকে আমাদের খবর দেওয়া হয়। পরে আবদুল ওয়াহেদ চৌধুরী স্যারের নেতৃত্বে আমরা সাপটি উদ্ধার করি। এটি রাজগোখরা (কিং কোবরা) বা শঙ্খচুর নামে পরিচিত।

সহকারী অধ্যাপক আবদুল ওয়াহেদ চৌধুরী বলেন, ‘এটি তীব্র বিষধর প্রকৃতির সাপ। তবে এটির কামড়ে মানুষ মারা যাওয়ার রেকর্ড কম। বিরল প্রজাতির এই সাপ আমাদের ক্যাম্পাসে অনেক আগে থেকে আছে। সাপটিকে জঙ্গলে অবমুক্ত করা হবে।’

আরও পড়ুন