২৬ মার্চ ২০২৬

বাঁশখালীতে আগুনে পুড়ে অঙ্গার ২ হাজার মুরগি

বাঁশখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলে একটি মুরগির খামারে আগুন লেগে ২ হাজার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই খামারে রাখা পোল্ট্রি মুরগির খাবার, বিভিন্ন আসবাবপত্র ও খামার ঘরও পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম বাংলাবাজার জয়নগর পাড়ায় এ ঘটনা ঘটে।

খামারের মালিক মুবিনুল হক জানান, শনিবার গভীর রাতে (আনুমানিক ২টার দিকে) আগুন লাগছে বলে চারদিকে মানুষের চিৎকার শুনতে পাই। ঘর থেকে বের হয়ে দেখি আমার মুরগি খামারে দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় আমি চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসে। স্থানীয়দের সহায়তা প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হই। কিন্তু শেষ রক্ষা হয়নি। আমার মুরগির ঘর, পোল্ট্রি মুরগির খাবার ও ২ হাজার মুরগি মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকারও বেশি বলে জানান তিনি।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার নুরুল বাশার বলেন, দিবাগত রাত ২টায় চাম্বল ইউনিয়নে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলের দিকে দ্রুত রওনা হই। অর্ধেক যাওয়ার পর খবর আসে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

উল্লেখ্য, গত ২০ দিনে বাঁশখালী উপজেলায় ছোট বড় ১৩টি অগ্নিকাণ্ডে ৫০ এর অধিক ঘর দোকান ও বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পুড়ে ছাই হয়ে যায়। গত ৭ ফেব্রুয়ারি আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোন অঙ্গার হয়ে যায়।

আরও পড়ুন