বান্দরবান প্রতিনিধি »
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য বান্দরবান এখন কৃষিতে সয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, পাহাড়ের কোথাও এক ইঞ্চি জায়গাও আমরা পার্বত্য এলাকায় ফেলে রাখব না। যেসব জায়গায় চাষাবাদের জমি আছে সেসব জায়গায় কৃষি সেচ নালা করে দেয়া হবে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হল রুমে আয়োজিত বিভিন্ন উপজেলার নারীদের আর্থ সামাজিক উন্নয়নে অটোমেটিক এ্যাম্ব্রয়ডারি, জেলার বিভিন্ন কৃষক সমবায় সমিতিকে ট্রাক্টর ও পাওয়ার টিলার মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর বলেন, নারীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই লক্ষে বিগত সময়েও জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের মাধ্যমে জেলার পাশাপাশি উপজেলার পিছিয়ে পড়া নারীদের আর্থসামাজিক উন্নয়নে সেলাই মেশিন, গবাদিপশু ও বিভিন্ন কৃষি উন্নয়ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অর্থায়নে কৃষক সমবায় সমিতি মাঝে ১টি ট্রাকটর, ৪টি পাওয়ার টিলার মেশিন ও লেমুঝিড়ি আগা পাড়া সমবায় সমিতির ২৮৪ পরিবার মাঝে অটোমেটিক এ্যাম্ব্রয়ডারি মেশিন বিতরণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে জেলা ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার, নির্বাহী প্রকৌশলী জিয়ায়ুর রহমানসহ সর্বসাধারণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।












