২৬ মার্চ ২০২৬

বাঁশখালী কয়লাবিদ্যুৎ প্রকল্পের বয়লার থেকে পড়ে চীনা শ্রমিক নিহত

বাঁশখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারায় এস আলম গ্রুপের কয়লাবিদ্যুৎ প্রকল্পের বয়লার থেকে পড়ে ডিং ওয়্যি শুয়ে (৩৬) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টায় চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতাল প্রাইভেট লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

জানা যায়, কয়লাবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ডিং ওয়্যে শুয়ি নামের এই চীনা শ্রমিক প্রকল্পের বয়লার-১ এর (৫১ মিটার) উঁচুতে কাজ করার সময় অসাবধানতা বশত বয়লারের নিচে পড়ে গুরুতর আহত হন। এসময় বয়লারের সেফটি ম্যানেজার ও প্রকল্পের এডমিনিস্ট্রেশন কর্মকর্তা মি. লি হুই নেতৃত্বদীন একটি শ্রমিকদল তাকে উদ্ধার করে বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ডাক্তারের কাছে নিয়ে যান। এরপর ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ওই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে প্রেরণ করেন। এরপর চীনা শ্রমিক ডিং ওয়্যে শুয়িকে শহরের বেসরকারি হাসপাতাল এভার কেয়ার প্রাইভের লিমিটেডে ভর্তি করা হয়। এবং ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাঁশখালী গণ্ডামারা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই প্রদীপ চক্রবর্তী বলেন, ‘বয়লারে কাজ করার সময় অসাবধানতা বশত উঁচু থেকে পড়ে চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে বাঁশখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

এ ব্যাপারে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন কবির বলেন, ‘বয়লারে কাজ করার সময় একজন চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। আমরা খোঁজ-খবর নিচ্ছি।’

এর আগে গত বছরের ১১ আগস্টও ফাইলিংয়ের বিশাল গর্তে পড়ে জি কিং ওয়েন নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছিল। তিনি মাউমিং কোম্পানির সাব-কনট্রাক্ট সিপিপি কোম্পানির পাইপ লাইনের একজন শ্রমিক ছিলেন। এই নিয়ে প্রকল্পে কাজ চলাকালীন মোট ২ জন চীনা শ্রমিকের মৃত্যু হলো।

আরও পড়ুন