১৩ মার্চ ২০২৬

অস্ত্র পরিহার করে শান্তির পথে ফিরে আসার আহ্বান

খাগড়াছড়ি প্রতিনিধি»

খাগড়াছড়িতে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। জেলা আ.লীগের উদ্যোগে সরকারি কলেজ মাঠে এর আয়োজন করা হয়। দুপুরে সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ এমপি।

এ সময় তিনি আ.লীগ সরকারের টানা মেয়াদে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, কর্ণফুলি টানেল, পায়রা সমুদ্র বন্দর, মেট্রোরেলসহ বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরেন। বলেন, এসব উন্নয়ন বিএনপি-জামাত চোখে দেখেনা। তারা শুধু ষড়যন্ত্র ও মিথ্যাচার করেন। বর্তমানে দেশের মানুষের আয় বেড়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার পরও টাকা সঞ্চয় করতে পারছে।
বিএনপি-জামাত একই মায়ের সন্তান। এরা সাফল্যতায় বিশ্বাস করেনা। রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন তারা দেশকে পিছিয়ে দিয়েছিলো। এখনও ষড়যন্ত্র করছে। বিএনপির আমলে ২৬ হাজার আ.লীগ নেতাকর্মী নিহত হয়েছে। খালেদা জিয়ার হাত রক্তে রঞ্জিত মন্তব্য করে হানিফ বলেন, তিনি আজ গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছেন।

পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য্য দেশের মানুষ উপেভোগ করতে চায়। বিএনপি ক্ষমতায় থাকাকালীন পাহাড়কে অশান্ত করতে ষড়যন্ত্র-চক্রান্ত হয়েছে। পাহাড়ের অবৈধ অস্ত্র অস্ত্রধারীদের উদ্দেশ্যে মাহবুব উল আলম হানিফ বলেন, অস্ত্র দিয়ে পৃথিবীর কোথাও শান্তি প্রতিষ্ঠা করা যায়নি। অস্ত্র পরিহার করে শান্তির পথে ফিরে আসুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ে যে উন্নয়ন করেছে তা চোখ দিয়ে দেখুন। পার্বত্য এলাকার মানুষের জন্য প্রধানমন্ত্রী সবসময় আন্তরিক। সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ থেকে সকল ধর্মের মানুষকে নিয়ে পাহড়কে শান্তির স্বর্ণযুগ তৈরী করি। আগামিতে পাহাড়ি-বাঙ্গালি মিলে শেখ হাসিনার নেতৃত্বে আ.লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহবান জানান তিনি।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ.লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার, চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক আবু সায়ীদ আল মাহমুদ স্বপন এমপি।

এর আগে সম্মেলনস্থলে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রতিনিধি সভায় যোগ দেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ